![]()
অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সমাজকে অপরাধমুক্ত করা জরুরি বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি দেশের মানুষের প্রতি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, সমাজে অপরাধ ও অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে না পারলে উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রকৃত সুফল পাওয়া যাবে না।
গতকাল রাতে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর হাইস্কুল মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির ধারাবাহিকতায় অপরাধমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আয়োজিত হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যত কাজই করা হোক না কেন, সমাজকে সুস্থ ও সুন্দর করে গড়ে তুলতে না পারলে সেসব কাজের কোনো মূল্য থাকবে না। তাই মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
এলাকাবাসীর চাহিদা অনুযায়ী উন্নয়নকাজ বাস্তবায়নের আশ্বাস দিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, কয়েক দিন আগেই বানিয়াটারির একটি স্কুলের উন্নয়নে ৮ কোটি টাকার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা আবশ্যক বলে উল্লেখ করেন ত্রাণমন্ত্রী।
তবে এসব প্রতিষ্ঠানে শিক্ষার মান ও পাঠদানের পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে জানান তিনি। মন্ত্রী আরও বলেন, সব ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নেওয়া গেলে একটি পূর্ণাঙ্গ আলোকিত লালমনিরহাট গড়ে তোলা সম্ভব হবে।
এ সময় মন্ত্রী জানান, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটে এসে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। দেশের আটটি বিভাগে ৩০টি মডেল খাল খননের পরিকল্পনার আওতায় প্রথম খালটির উদ্বোধন হবে লালমনিরহাটে।
এসব খাল কৃষিকাজে সেচ, মাছ চাষ ও হাঁস পালনের পাশাপাশি বহুমুখী অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা হবে।
তিনি বলেন, খালকেন্দ্রিক কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগে হতদরিদ্র পরিবারগুলোকে সম্পৃক্ত করা হবে। এ লক্ষ্যে তাদের সঙ্গে চুক্তি করে খালের এক কিলোমিটার করে অংশ ব্যবহারের সুযোগ দেওয়া হবে, যাতে তারা আয়-রোজগারের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে স্থানীয় বাসিন্দাদের খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী ‘আলোকিত লালমনিরহাট’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন এবং তাঁদের অভিজ্ঞতার কথা শুনবেন।
‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনটির কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, বাল্যবিবাহ, যৌতুক, মোবাইল ক্যাসিনো, জুয়া ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সংগঠনটি কাজ করছে।
মন্ত্রী আরও বলেন, স্বেচ্ছাসেবীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি অপরাধে জড়িত ব্যক্তিদের সচেতন করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। ইতোমধ্যে এ উদ্যোগের ফলে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বড় একটি অংশ অপরাধের পথ থেকে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেন, এ কার্যক্রম অব্যাহত থাকলে সামাজিক সমস্যাগুলো মোকাবিলায় ইতিবাচক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:১৮:১৩ ১১ বার পঠিত #অপরাধমুক্ত সমাজ #আলোকিত লালমনিরহাট #আসাদুল হাবিব দুলু #খাল খনন কর্মসূচি