![]()
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, একাত্তরের পরাজিত ও স্বৈরাচারী শক্তি একজোট হয়ে দেশের উন্নয়ন ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, এই ফ্যাসিবাদী গোষ্ঠী বিগত ১৭ বছর শাসনের নামে দেশবাসীকে শোষণ ও নির্যাতন করেছে। তারা এখনো দেশকে অস্থিতিশীল করতে এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে নস্যাৎ করার অপচেষ্টায় লিপ্ত।
আজ শনিবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ এক নতুন পথনির্দেশ পেয়েছিল। তৎকালীন পরাজিত চক্রান্তকারীরা দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার যে গভীর ষড়যন্ত্র করেছিল, জনগণ তা বানচাল করে দেয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, যারা গত ১৭ বছর ধরে দেশে মারাত্মক মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা আজ বিদেশে বসে মানবাধিকারের বুলি আওড়াচ্ছে। বিদেশের মাটিতে বসে দেশে গণপরিবহনে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষের জীবন বিপন্ন করার অপচেষ্টা সরকার ও জনগণ কঠোর হস্তে দমন করবে।
নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:১৬:৫২ ৪ বার পঠিত