
তৈরি পোশাকশ্রমিকদের মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। একই সঙ্গে শিক্ষানবিস শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের শ্রমিকদের জন্য ৪৮ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা এ প্রস্তাব জমা দেন। সভা শেষে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার এসব তথ্য জানান।
প্রস্তাবিত মজুরি কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এর শ্রমিকদের জন্য ৪৮ হাজার, গ্রেড-২-এর জন্য ৪৩ হাজার, গ্রেড-৩-এর জন্য ৩৮ হাজার এবং গ্রেড-৪-এর জন্য ৩২ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। এ ছাড়া একেবারে নতুন বা শিক্ষানবিস শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।
এদিকে সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা না দিয়ে সাত কার্যদিবস সময় চেয়েছে। তবে বোর্ড তাদের চার কার্যদিবস সময় দিয়েছে। এই সময়ের মধ্যে মালিকপক্ষকে প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দিতে হবে।
আরও পড়ুন চিন্ময়ের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে অনলাইনে গণস্বাক্ষর কর্মসূচি চিন্ময়ের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে অনলাইনে গণস্বাক্ষর কর্মসূচি
সভা শেষে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের বলেন, মালিক ও শ্রমিক— উভয় পক্ষের কাছ থেকে মজুরি প্রস্তাব চাওয়া হয়েছিল। শ্রমিকপক্ষ প্রস্তাব জমা দিলেও মালিকপক্ষ সময় চেয়েছে।
তিনি আরও বলেন, বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে মজুরি-সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে তিনি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করতে পারবেন এবং পরবর্তী সভায় এক বা একাধিক বিশেষজ্ঞকে যুক্ত করতে পারবেন।
মজুরি নির্ধারণের আগে সরেজমিনে কারখানার পরিস্থিতি পর্যালোচনার সিদ্ধান্তও নিয়েছে বোর্ড। চেয়ারম্যান বলেন, তৈরি পোশাক খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। তাদের সঙ্গে ৪০ লাখ পরিবারও জড়িত। এ কারণে বাস্তব পরিস্থিতি যাচাই করতে চলতি সপ্তাহে বিভিন্ন কারখানা পরিদর্শন করা হবে।
সভা শুরুর আগে মজুরি বাড়ানোর দাবিতে বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেয় বিভিন্ন শ্রমিক সংগঠন। পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত পাঁচটি জোটের পক্ষ থেকে মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার দাবি জানানো হয়।
এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয় ৪ নভেম্বর। ওই সভায় নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকরের বিষয়ে আলোচনা হয়। সুপারিশ অনুমোদিত হলে আগামী জানুয়ারি থেকে নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন শ্রমিকেরা।
বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ মজুরি কাঠামো নির্ধারণের সময় তা ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৭:০০:০১ ২ বার পঠিত