শিক্ষার মানোন্নয়নে সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ জরুরি: ডেপুটি স্পিকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষার মানোন্নয়নে সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ জরুরি: ডেপুটি স্পিকার
বুধবার, ১১ নভেম্বর ২০২৬



শিক্ষার মানোন্নয়নে সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ জরুরি: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং বহুমুখী প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, এ লক্ষ্যে শিক্ষার্থীবান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

আজ বুধবার জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে তার নির্বাচনী এলাকার সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের ৫৭ সদস্যের শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সংসদ ভবনে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন এবং তাদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন।

এ সময় ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক ও আধুনিক স্থাপনা। বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই. কান এ ভবনের নকশা প্রণয়ন করেন। জাতীয় সংসদ গ্রন্থাগারে শত বছরের পুরোনো বই, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং পাকিস্তান আমলের বিভিন্ন ঐতিহাসিক দলিল সংরক্ষিত রয়েছে। দেশ-বিদেশের বহু গবেষক তাদের গবেষণা কাজে এসব গুরুত্বপূর্ণ নথি ও তথ্য ব্যবহার করতে এখানে আসেন।

শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ‘তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে চিকিৎসক, বিসিএস কর্মকর্তা, প্রকৌশলী, আইনজীবী ও সংসদ সদস্য তৈরি হবে। তাই এখন থেকেই নিয়মিত ও মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে।

ডেপুটি স্পিকার বলেন, ‘ভালো ফলাফল অর্জনের পাশাপাশি বৃত্তি ও স্কলারশিপ পাওয়ার জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। আমি চাই, তোমাদের এসব অর্জনে নিজ হাতে সম্মাননা তুলে দিতে। তোমাদের এমনভাবে নিজেদের গড়ে তুলতে হবে, যেন তোমাদের মা-বাবা গর্বিত হন। সে লক্ষ্যে অধ্যবসায়, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে পড়াশোনা করতে হবে এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে। আগামীর মানবিক বাংলাদেশ তোমাদেরই গড়ে তুলতে হবে।’

সাক্ষাৎ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ডেপুটি স্পিকারের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন। সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দেওয়ায় তারা ডেপুটি স্পীকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তারা জাতীয় সংসদ ভবন, সংসদ গ্রন্থাগার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন ভিআইপি কার্যালয় এবং জাতীয় সংসদের অধিবেশন কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পেয়ে আনন্দ ও উৎসাহ প্রকাশ করেন।

এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:০৫   ৩২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা থাকবে না: মামুন মাহমুদ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
নুসরাতের বাড়িতে পেট্রোলবোমার আলামত নেই, শর্টসার্কিট হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
‘সরকারের কাছে কোনো জবাব প্রত্যাশা করি না’: সংসদে নাহিদ ইসলাম
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ