বুধবার, ১১ নভেম্বর ২০২৬

আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় ১০ লাখ টাকা অনুদানের আশ্বাস মামুনের

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় ১০ লাখ টাকা অনুদানের আশ্বাস মামুনের
বুধবার, ১১ নভেম্বর ২০২৬



আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় ১০ লাখ টাকা অনুদানের আশ্বাস মামুনের

নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া আবাসিক মাদ্রাসার পাঠাগার পুনর্নির্মাণে জেলা পরিষদের পক্ষ থেকে ১০ লাখ টাকা অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

বুধবার (১১ নভেম্বর) মাদ্রাসা পরিদর্শন করে তিনি আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবরও নেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মাদ্রাসায় অনুদানের আশ্বাস দেন।

মামুন মাহমুদ বলেন, পাঠাগারটি গত ২০ থেকে ২৫ বছরে গড়ে তোলা দুর্লভ সংগ্রহশালা ছিল। সেখানে মূল্যবান হাদিস ও ধর্মীয় বই ছিল, যেগুলোতে আলেম-ওলামারা গবেষণা করতেন এবং শিক্ষার্থীরা জ্ঞানচর্চা করতেন। আগুনে পাঠাগারটির ক্ষতি হওয়া অত্যন্ত দুঃখজনক।

আহত শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, ৭০ থেকে ৭৫ জনের বেশি শিক্ষার্থী ধোঁয়ায় আক্রান্ত হয়েছিলেন। তাদের ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। এখনও আটজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আশঙ্কাজনক অবস্থায় আছেন।

পাঠাগার পুনর্নির্মাণে অনুদানের বিষয়ে জেলা পরিষদ প্রশাসক বলেন, ক্ষতির পরিমাণ অনেক। জেলা পরিষদের মাধ্যমে পাঠাগারটি পুনর্গঠন ও পুনর্নির্মাণে কমপক্ষে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হবে।

ভবনের অগ্নিনিরাপত্তা ও কারিগরি ব্যবস্থা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, পাঁচতলা ভবনটি পরিকল্পিতভাবে নির্মিত। এর সঙ্গে আরও দুটি ভবন যুক্ত থাকলেও প্রতিটি ভবনে আলাদা সিঁড়ি ও খোলা করিডোর রয়েছে। পর্যাপ্ত চলাচলের পথ ও সিঁড়ি থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে বলে তিনি মনে করেন। ভবনে কোনো কারিগরি ত্রুটি দেখেননি বলেও মন্তব্য করেন তিনি।

পরিদর্শনকালে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক আনিসুর রহমান এবং স্থানীয় বিএনপি নেতা মাজেদুলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৫৯   ৭ বার পঠিত