![]()
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক আজ রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, সিদ্ধেশ্বরী কলেজ, সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন। এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানগুলোর সার্বিক শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ক্যাম্পাস, শ্রেণিকক্ষ, অফিস কক্ষসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও মনোরম শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কবিতা আবৃত্তি, নাটক এবং ধর্মীয় কর্মকাণ্ডে মনোযোগী হওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বহুমুখী প্রতিভা বিকাশের সুযোগ কাজে লাগাতে হবে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। এসময় তিনি শিক্ষার্থীদের বিনয়ী হওয়ারও আহ্বান জানান।
পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের বিষয়ে সিনিয়র সচিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ নিতে হবে। এসময় তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের পরিচ্ছন্নতা কার্যক্রম আরো কার্যকর করার নির্দেশনা দেন।
শিক্ষার গুণগত মানোন্নয়ন, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫:৪১:১১ ৪ বার পঠিত