![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে জেলা সিএনজি, অটো টেম্পু ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (৩৫১৭ আঞ্চলিক শাখা) দুই পক্ষের আধিপত্য বিস্তার ও দ্বন্দ্বের জেরে শহরের প্রধান সড়ক ৫ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন এক পক্ষীয় শ্রমিকরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টা হতে দুপুর ১টা পর্যন্ত সরিষাবাড়ী পৌরসভার ডাকবাংলোর সামনে এ কর্মসূচি পালিত হয়। শ্রমিক নেতা জামাল, আলমগীর ও ইউসুফের নেতৃত্বে চলা এই অবরোধের কারণে দীর্ঘ সময় সব ধরনের যান চলাচল বন্ধ থাকে এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যাত্রীরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারী শ্রমিক নেতা ইউসুফ আলী অভিযোগ করে বলেন, “আমরা দীর্ঘ ১৫ বছর ধরে আরামনগর বাজার থেকে জামালপুর পর্যন্ত গাড়ি চালিয়ে আসছি, এতে কোনো সমস্যা হয়নি। কিন্তু হঠাৎ দেড় মাস ধরে বাসস্ট্যান্ডের শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা আমাদের বাসস্ট্যান্ড থেকে গাড়ি চালাতে বাধ্য করছে এবং বিভিন্নভাবে হয়রানি করছে। আজ সকালে আমাদের গাড়ি বাউসি পপুলার মোড়ে থামিয়ে যাত্রী নামিয়ে দেওয়ায় আমরা বাধ্য হয়ে প্রতিবাদ ও সড়ক অবরোধ করেছি।”
আরেক শ্রমিক নেতা আলমগীর হোসেন বলেন, “আমরা চাঁদামুক্ত সড়ক চাই। সরিষাবাড়ীতে দুই শতাধিক সিএনজি রয়েছে, যার সিংহভাগই আরামনগর বাজার থেকে চলাচল করে। আমরা যাত্রীদের সুবিধার্থে ডাকবাংলোর সামনে থেকে গাড়ি চালাই।”
অপরদিকে, বাসস্ট্যান্ডমুখী সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতা মিজানুর রহমান জানান, “সড়কের শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনের জন্য আমরা সব সিএনজিকে একটি নির্দিষ্ট স্থান (বাসস্ট্যান্ড) থেকে পরিচালনার দাবি জানিয়েছি। এতে সবার রুটি-রুজির বিষয়টিও ইতিবাচকভাবে প্রভাবিত হতো।”
শ্রমিক নেতা এরশাদ বলেন, “আমরা সার্বিক বিষয় বিবেচনা করেই সবাইকে এক স্থানে আসার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তারা শ্রমিক ইউনিয়ন ও স্থানীয় নেতৃত্বের কথা উপেক্ষা করায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”
বাংলাদেশ সময়: ১৫:৫৫:৪৩ ৫ বার পঠিত