
শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, নতুন প্রজন্মের সুপ্ত প্রতিভার বিকাশ এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে অনুষ্ঠিত হয়েছে ‘আলোর পথে দিগনগর ইউনিয়ন’-এর তৃতীয় বার্ষিক মেধা যাচাই বৃত্তি পরীক্ষা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬।
শনিবার (১৪ নভেম্বর) উপজেলার দিগনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দিগনগর ইউনিয়নের ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসার পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের চারটি বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। শিক্ষার্থীদের মেধা ও শিক্ষাগত দক্ষতা যাচাইয়ের পাশাপাশি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১৮ জন মেধাবী শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। মেধার স্বীকৃতি পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।
শিক্ষার্থীদের সংবর্ধনার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থে কাজ করার স্বীকৃতিস্বরূপ মুকসুদপুর প্রেসক্লাব, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব ও মুকসুদপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
‘আলোর পথে দিগনগর ইউনিয়ন’ সংগঠনের সভাপতি সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক শরিফুল রোমান এবং মুকসুদপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম।
এ সময় আইকদিয়া আছিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম সোহেল, আলোর পথে দিগনগরের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ শিমুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া মুকসুদপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, একটি আলোকিত সমাজ গঠনের অন্যতম প্রধান হাতিয়ার শিক্ষা। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে প্রয়োজন যথাযথ পরিচর্যা, উৎসাহ ও অনুপ্রেরণা। মেধা যাচাই বৃত্তি পরীক্ষার মতো আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায়।
তাঁরা আরও বলেন, শহরের পাশাপাশি গ্রামীণ জনপদের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা জরুরি। শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়; বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। এ ক্ষেত্রে ‘আলোর পথে দিগনগর’-এর মতো সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগ প্রশংসনীয়।
বক্তারা এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষপর্বে কৃতী শিক্ষার্থী, অতিথি, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও আয়োজকদের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকদের প্রত্যাশা, গ্রামীণ জনপদে শিক্ষার প্রসার এবং আগামী প্রজন্মের মেধা বিকাশে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ সময়: ২১:১১:০৪ ২ বার পঠিত #আলোর পথে দিগনগর ইউনিয়ন #কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ #মুকসুদপুর মেধা যাচাই বৃত্তি পরীক্ষা