শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মাদককে ‘না’, খেলাধুলাকে ‘হ্যাঁ’—স্লোগানে আলফাডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদককে ‘না’, খেলাধুলাকে ‘হ্যাঁ’—স্লোগানে আলফাডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬



মাদককে ‘না’, খেলাধুলাকে ‘হ্যাঁ’—স্লোগানে আলফাডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ‘মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ’—এ স্লোগানকে সামনে রেখে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ‘ডা. মোহাম্মাদ শাহ আলম ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট’।

হাড্ডাহাড্ডি লড়াই, আক্রমণ-পাল্টা আক্রমণ আর দর্শকদের মুহুর্মুহু করতালিতে জমে ওঠে এ আয়োজন। টুর্নামেন্টের সেমিফাইনালে টানটান উত্তেজনার পর টাইব্রেকারে স্বাগতিক আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশকে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বোয়ালমারী ফুটবল একাদশ।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার পাকুড়িয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট মাঠে এ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পাকুড়িয়া ও শিয়ালদী গ্রামের যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন ঢাকা উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মোহাম্মাদ শাহ আলম।

আয়োজকদের মূল লক্ষ্য, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করা। তাঁদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন তরুণদের মাঠমুখী করার পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

সেমিফাইনাল ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। কখনো আলফাডাঙ্গার আক্রমণ, আবার কখনো বোয়ালমারীর পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো মাঠে। দুই দলই গোলের একাধিক সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করতে পারেনি। ফলে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারণে গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলে জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বোয়ালমারী ফুটবল একাদশ। অন্যদিকে, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় স্বাগতিক আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশকে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মোহাম্মাদ শাহ আলম। তিনি বলেন, যুবসমাজ দেশের ভবিষ্যৎ। তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্যবোধ গড়ে তুলতে সহায়তা করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবসমাজের অনুপ্রেরণা, বিশিষ্ট সমাজসেবক ও আলফাডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী মুন্সী বেল্লাল হোসাইন। তিনি বলেন, মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। খেলাধুলা তরুণদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বাড়ায়। তাই এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।

খেলাটিকে প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলতে সাবলীল ধারাভাষ্য দেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মাহিদুল হক।

খেলা উপভোগ করতে বিকেল থেকেই মাঠে ভিড় জমাতে থাকেন বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমী দর্শক। শত শত দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় উৎসবের মিলনমেলায়। প্রতিটি আক্রমণ, গোলের সুযোগ এবং বিশেষ করে টাইব্রেকারের প্রতিটি শটে দর্শকদের করতালি, উল্লাস আর উত্তেজনায় মুখর হয়ে ওঠে মাঠের চারপাশ।

বাংলাদেশ সময়: ২৩:৫০:৫০   ৪ বার পঠিত   #