
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় সংসদের কোনো সদস্যের ওপর হামলা কিংবা তার জীবন, সম্পদ ও সম্পত্তির ওপর আক্রমণের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনায় সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলেও সংসদকে আশ্বস্ত করেন তিনি।
আজ রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে কুষ্টিয়ায় নিজের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসন-৫০-এর সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ আশ্বাস দেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘মাননীয় সংসদ সদস্যের ওপর যেকোনো হামলা কিংবা তার জীবন, সম্পদ ও মালামালের ওপর আক্রমণ অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের বিষয়কে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।’
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে বলেছিলেন, পেট্রোলবোমা হামলার পরিবর্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় নুসরাত তাবাসসুম অভিযোগ করেন, এতে তদন্ত প্রতিবেদন প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিরা তার গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করেছেন। ঘটনার প্রায় তিন ঘণ্টা আগে স্থানীয় ছাত্রলীগের একজন নেতা ফেসবুকে হুমকিমূলক পোস্ট দিয়েছিলেন বলেও তিনি অভিযোগ করেন।
সংসদ সদস্য নুসরাত তাবাসসুম আরও প্রশ্ন তোলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে তার পুড়ে যাওয়া বাড়িটিকে ‘পরিত্যক্ত’ এবং সেখানে শুধু দুটি ছাগল ছিল বলে উল্লেখ করেছেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের ওই অংশটি সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তদন্ত প্রতিবেদনকে প্রভাবিত করবে’—এমন বক্তব্য এক্সপাঞ্জ করার বিষয়ে স্পিকারের হস্তক্ষেপ কামনা করছি। এই মহান সংসদে যেকোনো আলোচনা অবশ্যই সংসদীয় ভাষায় হওয়া উচিত। কাউকে প্রভাবিত করার উদ্দেশ্যে আমরা এখানে কোনো বক্তব্য দিই না।
Advertisement
তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ওই বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, বক্তব্যটি অসংসদীয় নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডের পরপরই শুক্রবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পেট্রোলবোমা ব্যবহারের কোনো আলামত পায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।’
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত প্রাথমিক তদন্তের ভিত্তিতে তার বক্তব্য দিয়েছেন। তবে তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর প্রকৃত ঘটনা পরিষ্কার হবে।
স্পিকার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বাড়িটিকে পরিত্যক্ত এবং সেখানে শুধু দুটি ছাগল বসবাস করত বলে নিশ্চিত করেছেন, এমনটি বলা সঠিক হবে না। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে পুলিশ সুপারকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনার সার্বিক তদন্ত করতে বলেছেন।
স্পিকার বলেন, ‘তাই অনুগ্রহ করে অপেক্ষা করুন, তদন্তের ফলাফল দেখা যাক। একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আমরা আশা করি, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
গত বুধবার মধ্যরাতের পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগে। এতে বাড়ির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায়। এ ছাড়া আসবাবপত্র, কাপড়, জুতাসহ বিভিন্ন মালামাল পুড়ে নষ্ট হয়।
বাংলাদেশ সময়: ২২:৪৯:৪৩ ৪ বার পঠিত