ত্রয়োদশ জাতীয় সংসদের ইউএনএফপিএর সহায়তায় এসপিসিপিডি প্রকল্পের অধীন মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনাবিষয়ক সাব কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি মোঃ হাসান রাজীব প্রধান, এমপির সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রাশেদা বেগম হীরা, এমপি; মঈনুল ইসলাম খান, এমপি; বীথিকা বিনতে হোসাইন, এমপি; মোঃ আব্দুল বাতেন, এমপি; ফাহমিদা হক, এমপি এবং আরিফা সুলতানা, এমপি অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে কমিটির সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।
![]()
বৈঠকে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্য সুরক্ষা, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং অনিরাপদ গর্ভপাত প্রতিরোধের মাধ্যমে মাতৃত্বকালীন ঝুঁকি কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতি মাতৃস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে চাহিদা অনুযায়ী চিকিৎসকদের অবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাল্যবিবাহের কারণে মাতৃস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ায় এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
কমিটি মাঠপর্যায়ে প্রয়োজনীয় জনবল নিয়োগের পরামর্শ দেয়।
বৈঠকে মাতৃস্বাস্থ্য সুরক্ষায় বাল্যবিবাহ নিরসনে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, উঠান বৈঠকের আয়োজন, প্রশাসনের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে চিঠি প্রদান এবং গণমাধ্যমে এ বিষয়ে ব্যাপক প্রচারের পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া প্রয়োজন ছাড়া সিজারিয়ান অপারেশন নিরুৎসাহিত করা, উপজেলা পর্যায়ে ল্যাবের কার্যক্রম জোরদার করা এবং মাতৃস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় উপকরণ সরবরাহের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে প্রকল্প পরিচালক, ইউএনএফপিএর সংশ্লিষ্ট প্রতিনিধি, ওজিএসবির সভাপতি এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:৩৮:০৪ ৫ বার পঠিত #ত্রয়োদশ জাতীয় সংসদ #নিরাপদ প্রসব #পরিবার পরিকল্পনা #মাতৃস্বাস্থ্য সুরক্ষা