মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

গ্যাস-বিদ্যুৎ সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধিতে বিপদের মুখে তৈরি পোশাক শিল্প

প্রথম পাতা » ছবি গ্যালারী » গ্যাস-বিদ্যুৎ সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধিতে বিপদের মুখে তৈরি পোশাক শিল্প
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬



গ্যাস-বিদ্যুৎ সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধিতে বিপদের মুখে তৈরি পোশাক শিল্প

তৈরি পোশাক শিল্পকে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে জ্বালানি সংকট, গ্যাস-বিদ্যুতের তীব্র ঘাটতি এবং উৎপাদন ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে খাতটি বর্তমানে এক গভীর বিপদের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নজিবুর রহমান। তিনি এটিকে নিছক শ্রমিক অসন্তোষ হিসেবে না দেখে এই সংকটকে একটি জাতীয় সংকট হিসেবে বিবেচনা করার এবং তা উত্তরণে সংসদ সদস্য, ব্যবসায়ী ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে একটি জরুরি জাতীয় টাস্কফোর্স গঠনের জোরালো দাবি জানান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে তৈরি পোশাক শিল্পের চলমান সংকট নিরসনে ১৪৭ বিধিতে উত্থাপিত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এসময় সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আলোচনার শুরুতে অতীতের প্রসঙ্গ টেনে জামায়াত সংসদ সদস্য নজিবুর রহমান বলেন, কোনো এক জ্ঞানী ব্যক্তি বলে গেছেন যে অতীতের অনুশোচনা, ভবিষ্যতের রঙিন স্বপ্ন আর কর্মহীন বর্তমান হলো বেকুবের জিন্দেগী। সুতরাং শুধু ফ্যাসিবাদ অতীতে কী করেছে তা নিয়ে পড়ে থাকলেই চলবে না, বর্তমানের বাস্তব সমস্যাগুলোও দ্রুত সমাধান করতে হবে।

তৈরি পোশাক খাতের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এই একক খাত থেকে এবং প্রায় চার কোটি মানুষের জীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর সঙ্গে জড়িত। কিন্তু বর্তমানে জ্বালানি সংকট, গ্যাস-বিদ্যুতের তীব্র ঘাটতি এবং উৎপাদন ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে এ শিল্প এক বড় বিপদের মুখে পড়েছে।

বিকেএমইএর জরিপ উল্লেখ করে তিনি জানান, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে বহু কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং এর ফলে আন্তর্জাতিক ক্রেতারা বাধ্য হয়ে অর্ডার কমিয়ে বা পুরোপুরি বাতিল করে অন্য দেশে চলে যাচ্ছেন।

শ্রমিকদের অধিকার ও জীবনমানের চিত্র তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, গত সাড়ে তিন বছরে দেশে মূল্যস্ফীতি ও খাদ্য মূল্যস্ফীতি ব্যাপক হারে বেড়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রায় ৯০ শতাংশ শ্রমিক তাদের স্বল্প মজুরি দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তবে তিনি মনে করেন, কেবল মজুরি বাড়ালেই সমস্যার সমাধান হবে না, এর পাশাপাশি কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ এবং সব ধরনের চাঁদাবাজি কঠোর হাতে বন্ধ করতে হবে।

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের কাছে ছয় দফা সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরে নজিবুর রহমান বলেন, সংকট নিরসনে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্য, বিজিএমইএ, বিকেএমইএ, শ্রমিক প্রতিনিধি ও জ্বালানি বিশেষজ্ঞদের নিয়ে একটি জরুরি সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠন করতে হবে। আগামী ৩০ দিনের মধ্যে দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তিনি। পাশাপাশি যে সমস্ত কারখানার পর্যাপ্ত কাজের অর্ডার রয়েছে কিন্তু মূলধনের মারাত্মক অভাব রয়েছে, তাদের জন্য জরুরি ও লক্ষ্যভিত্তিক আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব করেন।

এছাড়া শ্রমিকের বকেয়া মজুরি, বোনাস, নিরাপদ কর্মপরিবেশ এবং মানবাধিকারসম্মত শ্রম আইন প্রয়োগ নিশ্চিত করা, প্রযুক্তি ও উৎপাদনশীলতায় বিনিয়োগ বাড়িয়ে দেশেই যন্ত্রাংশ উৎপাদনের সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি জ্বালানি সরবরাহ, উৎপাদন, কারখানা বন্ধ ও বকেয়া মজুরির সঠিক তথ্য নিয়ে একটি মাসিক জাতীয় ড্যাশবোর্ড প্রকাশেরও দাবি জানান তিনি।

তিনি বলেন, বর্তমান শিল্পাঞ্চলের সামগ্রিক অস্থিরতার পেছনে দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র ও ফ্যাসিস্টদের উসকানি রয়েছে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুরোপুরি পেশাদারিত্বের সঙ্গে এবং মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশ সময়: ২৩:০২:৩০   ৮ বার পঠিত