বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে সরকারি রাস্তা দখল, চরম দুর্ভোগে ৫০ পরিবার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে সরকারি রাস্তা দখল, চরম দুর্ভোগে ৫০ পরিবার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬



সরিষাবাড়ীতে সরকারি রাস্তা দখল, চরম দুর্ভোগে ৫০ পরিবার

​জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে মহাদান ইউনিয়নের খাগুরিয়া পশ্চিম দক্ষিণপাড়া গ্রামের একটি সরকারি রাস্তা জবরদখল করে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। মহাদান ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের নকশায় অন্তর্ভুক্ত খাগুরিয়া ঈদগাহ মাঠ থেকে ডোয়াইল ইউনিয়নের টাঙ্গাইল রাজিবদিয়া এলাকার কাসেমের বাড়ি পর্যন্ত চলাচলের একমাত্র এই রাস্তাটি পুনরুদ্ধারের দাবিতে প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী প্রায় অর্ধশত পরিবার।

​বুধবার (১৮ নভেম্বর) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, জনগুরুত্বপূর্ণ এই সড়কটির বিভিন্ন অংশ দখল করে বাঁশঝাড় স্থাপন, সেচ পাম্পের ড্রেন নির্মাণ, বিভিন্ন প্রজাতির বনজ গাছ রোপণ এবং কোথাও আবার টয়লেট বসিয়ে স্থায়ীভাবে চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

​স্থানীয় ভুক্তভোগী মিজানুর রহমান ও মুনছের আলী অভিযোগ করে বলেন, “যাঁরা দীর্ঘদিন ধরে এই সড়কটি দখল করে রেখেছেন, তাঁদের বাড়ির ওপর দিয়ে বিকল্প পথে যাতায়াত করতে গেলেই তাঁরা গালিগালাজ করেন এবং নানাভাবে বাধা দেন। সরকারি সড়ক দখলের বিষয়ে প্রতিবাদ করতে গেলেই তাঁরা বিবাদে জড়িয়ে পড়েন। আমরা অবিলম্বে এই সড়কটি দখলমুক্ত ও সংস্কার চাই।”

​সুফিয়া বেগম নামের এক স্থানীয় নারী জানান, বেড়িবাঁধ বাড়ি থেকে দূরে হওয়ায় কোনো ভারী যানবাহনে মালামাল সরাসরি বাড়িতে আনা সম্ভব হয় না; বাধ্য হয়ে মাথায় করে বহন করে আনতে হয়। এর ফলে গর্ভবতী নারী, অসুস্থ রোগী এবং বয়োবৃদ্ধ মানুষদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

​আরেক স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিন বলেন, “খাগুরিয়া ঈদগাহ মাঠ থেকে কাসেমের বাড়ি পর্যন্ত এই সড়কটি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করে আগের মতো চলাচলের উপযোগী দেখতে চাই— এটাই আমাদের এলাকাবাসীর একমাত্র দাবি।”

​এ বিষয়ে মহাদান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক সালাউদ্দিন সরকারের সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। দ্রুতই সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সড়কটি পুনরুদ্ধার ও সংস্কারের দ্রুত উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩:৫২:৩৫   ১১২ বার পঠিত