![]()
সদরপুর (ফরিদপুর)প্রতিনিধিঃ একবার নয়, দুইবার নয় প্রতিষ্ঠার পর থেকে ৮৪ বছরে ২২ বার নদীভাঙনের কবলে পড়ে হারিয়েছে বিদ্যালয়ের অবকাঠামো, বদলেছে ঠিকানা, বিলীন হয়েছে নিজস্ব জমি ও স্থাপনা। কখনো নদীগর্ভে হারিয়েছে বিদ্যালয়ের ভবন, কখনো চেয়ার-টেবিল আর গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে ছুটতে হয়েছে নতুন আশ্রয়ের সন্ধানে। তবুও থেমে যায়নি পাঠদান। পদ্মার ভাঙন আর আড়িয়াল খাঁ নদের প্রতিকূলতার সঙ্গে লড়াই করেই চলছে শিক্ষার কার্যক্রম। শত প্রতিকূলতার মাঝেও ১২ জন শিক্ষক-শিক্ষিকা ও প্রায় ১০০ শিক্ষার্থী নিয়ে আজও শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে চরাঞ্চলের একমাত্র মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান চরনাছিরপুর উচ্চ বিদ্যালয়। নদীভাঙনে বারবার ঠিকানা বদলালেও শিক্ষার প্রতি অদম্য টান আর স্থানীয় মানুষের সহযোগিতায় ৮৪ বছর ধরে টিকে আছে বিদ্যালয়টি।কিন্ত বার বার ঠিকানা বদলে স্থাপনা আর অবকাঠামো হারিয়ে ক্লান্ত হয়ে অস্তিত্ব সংকটে এখন শিক্ষার বাতিঘর।
ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদবেষ্টিত দুর্গম জনপদ চরনাছিরপুর ইউনিয়ন। যোগাযোগব্যবস্থা, অবকাঠামো ও প্রাকৃতিক প্রতিকূলতার কারণে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা বরাবরই কঠিন। এর মধ্যেই ১৯৪২ সালে প্রতিষ্ঠিত চরনাছিরপুর উচ্চ বিদ্যালয় হয়ে উঠেছে দুই নদীবেষ্টিত চরাঞ্চলের শিক্ষার বাতিঘর। প্রতিষ্ঠার পর থেকে ২২ বার নদীভাঙনের শিকার হয়েও বিদ্যালয়টি ধরে রেখেছে শিক্ষার ধারাবাহিকতা। তবে নদীর সঙ্গে এই দীর্ঘ লড়াইয়ে এখন বিদ্যালয়টির অস্তিত্বই যেন নতুন করে সংকটের মুখে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের বর্তমান অবস্থান চরনাছিরপুর ইউনিয়নের হোসেন খার কান্দি গ্রামে। দুটি টিনের ঘরে চলছে পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম। বিদ্যালয়ের নামে থাকা নিজস্ব জমি নদীগর্ভে বিলীন হওয়ায় বর্তমানে বছরে মাত্র ৪ হাজার টাকা ভাড়ায় অন্যের জমিতে চলছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। নদী যেভাবে এগিয়ে আসছে, তাতে আগামী বছর এই ঠিকানায় বিদ্যালয়টি থাকবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
বিদ্যালয়ের কাগজপত্র সূত্রে জানা যায়, ১৯৪২ সালে জগৎ চন্দ্র বাড়ৈ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই পদ্মার ভাঙনে বারবার স্থানান্তরিত হতে হয়েছে বিদ্যালয়টিকে। ১৯৮৪ সালে এমপিওভুক্ত হলেও নদীভাঙনের কারণে স্থায়ী অবকাঠামো গড়ে তোলা সম্ভব হয়নি। বিদ্যালয়ের নামে দুবলার চরে ৭৪ শতাংশ এবং পাশের দিয়ারা ইউনিয়নের নন্দলালপুরে ৮৫ শতাংশ জমি রয়েছে। তবে এসব জমির সবই এখন নদীগর্ভে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, “চরনাছিরপুর উচ্চ বিদ্যালয় মানেই এক বছর এপারে, পরের বছর অন্য পাড়ে, অন্য ঠিকানায়। তবুও ঘুরে ফিরে আমরা চরাঞ্চলেই আছি। ২০১৯ সাল থেকে বর্তমান জায়গায় আছি। বছরে ৪ হাজার টাকা ভাড়া দিতে হয়। নদী যেভাবে কাছে চলে এসেছে, তাতে মনে হয় আগামী বছর এখানে থাকা সম্ভব হবে না। এভাবেই আমাদের স্কুল চলছে।”
তিনি আরও বলেন, “ভাঙাগড়ার এই লড়াইয়ের মধ্যেও বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সাবেক মাউশির ব্যবস্থাপনা পরিচালক হাফিজ উদ্দিন, সচিব শামছুল আলম হিরন মিয়া, পিজি হাসপাতালের প্রশাসনিক পরিচালক মাসুদ উদ্দিন, সচিব নওফেল কাড়াল, মরহুম বীর মুক্তিযোদ্ধা কমান্ডার লুৎফর রহমান, সাবেক চেয়ারম্যান মজিবর রহমান, শোভা কাজী এবং বুয়েটের সহযোগী অধ্যাপক এস এম সায়েমসহ অনেকেই এই বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী।”
তবে একসময় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত বিদ্যালয়টিতে এখন কমেছে শিক্ষার্থীর সংখ্যা। কয়েক বছর আগেও যেখানে প্রায় ২৫০ শিক্ষার্থী ছিল, সেখানে বর্তমানে শিক্ষার্থী নেমে এসেছে প্রায় ১০০ জনে। শিক্ষার পরিবেশ, নদীভাঙন, যোগাযোগের দুর্ভোগ ও দারিদ্র্যের কারণে শিক্ষার্থী ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ২০২৫ সালে ৩০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৯ জন। ২০২৬ সালে পরীক্ষায় অংশ নেয় মাত্র ৭ জন, পাস করেছে ২ জন।
বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী রুস্তম আলী মুন্সী বলেন, “আমি ৩৬ বছর ধরে চাকরি করছি। এই সময়ে ১১ বার স্কুলের ভাঙন দেখেছি। কয়েকবার শুধু কাগজপত্র, চেয়ার-টেবিল সরাতে পেরেছি, কিন্তু স্কুলঘর নদীতে বিলীন হয়ে গেছে। প্রতিবারই স্থানীয় মানুষ নতুন করে স্কুল শুরু করার জন্য জায়গা দিয়েছেন।”
অফিস সহকারী সিরাজুল ইসলাম বলেন, “১৪ বছরের চাকরিজীবনে ৭ বার স্কুল নদীভাঙনের কবলে পড়েছে। একবার ট্রলারে মালামাল নিয়ে যাওয়ার সময় দুই বস্তা কাগজপত্র নদীতে পড়ে যায়। এতে দাপ্তরিক কাজে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে।”
বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আজিজুল জানায়, “আমাদের ক্লাসে ২৮ জন শিক্ষার্থী। আজ ২৩ জন উপস্থিত আছি। বর্ষাকালে স্কুলে আসতে অনেক কষ্ট হয়। বিভিন্ন জায়গায় কাদা-পানি থাকে। তবুও আমরা নিয়মিত স্কুলে আসার চেষ্টা করি।”
চরনাছিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান বলেন, “চরনাছিরপুর উচ্চ বিদ্যালয় চরাঞ্চলের শিক্ষার বাতিঘর। ২২ বার নদীভাঙনের শিকার হলেও শিক্ষক-শিক্ষার্থীরা কখনো মনোবল হারাননি। নদীভাঙনের কারণে এখানকার মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। মাছ শিকার ও কৃষিকাজই তাঁদের প্রধান জীবিকা। তাই অনেক শিক্ষার্থী মাধ্যমিক শেষ করার আগেই ঝরে পড়ে। আবার এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়ার কারণে অনেক শিক্ষার্থী স্কুলে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোফাজ্জেল হোসেন বলেন, “চরনাছিরপুর উচ্চ বিদ্যালয় শত প্রতিকূলতার মধ্যেও শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। অবকাঠামোগত উন্নয়নের ইচ্ছা থাকলেও নদীভাঙনের কারণে স্থায়ী উন্নয়ন করা সম্ভব হয় না। তবে ২০২৫-২৬ অর্থবছরে ৫ লাখ টাকার কাজ করা হয়েছে। বিদ্যালয়ের মেঝে পাকা করা হয়েছে, জানালা-দরজা মেরামত করা হয়েছে। এর আগে হাফেজ উদ্দিন কান্দিতে বিদ্যালয়ের দোতলা ভবন ছিল। পদ্মার ভাঙনে সেটিও বিলীন হয়ে যায়।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন, “চরনাছিরপুর উচ্চ বিদ্যালয় নদীভাঙনের সঙ্গে লড়াই করেই শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। গত অর্থবছরেও অবকাঠামোগত উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এ বছর একটি ওয়াশব্লক নির্মাণে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু নদী খুব কাছাকাছি চলে এসেছে। আগামী কয়েক বছর বর্তমান ঠিকানায় বিদ্যালয়টি থাকবে কি না, তা বলা মুশকিল।”
তিনি আরও বলেন, “দিয়ারা নারিকেলবাড়িয়া ও চরনাছিরপুর—এই দুই ইউনিয়নের একমাত্র মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান চরনাছিরপুর উচ্চ বিদ্যালয়। নদীভাঙনের সঙ্গে লড়াই করেই এটি চরাঞ্চলের শিক্ষার বাতিঘর হিসেবে টিকে আছে।
স্থানীয় সচেতনমহল জানান, নদীভাঙনে বারবার ঠিকানা হারানো এই বিদ্যালয়টি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও সংগ্রামের প্রতীক। নদী কেড়ে নিয়েছে বিদ্যালয়ের জমি, ভবন ও স্থায়ী ঠিকানা; কমেছে শিক্ষার্থীর সংখ্যাও। তবুও শিক্ষার আলো নিভতে দেননি শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। এখন তাঁদের প্রত্যাশা, নদীভাঙনের এই অনিশ্চয়তা থেকে বিদ্যালয়টিকে রক্ষা করতে স্থায়ী ও নিরাপদ অবকাঠামো গড়ে তোলা হবে, যাতে আগামী প্রজন্মও এই শিক্ষার বাতিঘর থেকে আলো নিতে পারে।
বাংলাদেশ সময়: ১১:০১:৪৭ ৭ বার পঠিত