বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা : কৃষি সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » সার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা : কৃষি সচিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬



সার নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা : কৃষি সচিব

কৃষি সচিব মো. সেলিম খান বলেছেন, দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষকের কাছে সঠিক সময়ে, সঠিক দামে ও নির্বিঘ্নে সার পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য।

সার বিতরণে কোনো ধরনের গাফিলতি, অনিয়ম কিংবা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা সরকার কোনোভাবেই বরদাশত করবে না।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন আয়োজিত কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা পর্যালোচনা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সচিব আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল সরকারকে বিব্রত করতে সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে।

এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ডিলারদের বরাদ্দকৃত সার যথাসময়ে উত্তোলন ও কৃষকের কাছে সরবরাহ নিশ্চিত করতে হবে।

কোনো ডিলার ব্যক্তিগত, রাজনৈতিক বা অন্য কোনো স্বার্থে সার উত্তোলন না করে সংকট তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বরাদ্দ পাওয়ার পরও কোনো ডিলার সার উত্তোলন না করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে, তার ডিলারশিপ তাৎক্ষণিক বাতিল করা হবে।

ডিলারদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী প্রতি কেজি সার পরিবহন খরচ ২ টাকা থেকে বাড়িয়ে ৩ টাকা করেছেন—ডিলারদের একথা স্মরণ করিয়ে সেলিম খান বলেন, কৃষক যাতে সহজে তার প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারেন, সেজন্য সার বিক্রয়কেন্দ্র প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখতে হবে।

মাইকে ঘোষণা দিয়ে নির্দিষ্ট দিনে সার বিতরণের নামে কৃষকদের ভোগান্তি সৃষ্টি করা যাবে না।

কৃষককে প্রয়োজন অনুযায়ী প্রতিদিন সার সরবরাহ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে কৃষি বিভাগ ও প্রশাসনকে নিয়মিত তদারকি করতে হবে। সার বিক্রয়কেন্দ্রে কী পরিমাণ সার মজুত রয়েছে, তা দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে এবং সরকার নির্ধারিত মূল্যতালিকা টানিয়ে রাখতে হবে।

‘কৃষি বাঁচলে দেশ বাঁচবে, কৃষক বাঁচলে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে’ মন্তব্য করে কৃষি সচিব বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের ক্ষমতায়িত ও সম্মানিত করার উদ্যোগ নিয়েছে সরকার।

সরকার পর্যায়ক্রমে আড়াই কোটি কৃষককে কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনা করেছে। চলতি বছর ৪৩ লাখ কৃষককে এ কার্ড দেওয়া হবে। আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া এবং ৫ ডিসেম্বর গাইবান্ধায় প্রধানমন্ত্রী প্রায় তিন লাখ কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবেন। কৃষক কার্ড প্রধানমন্ত্রীর একটি বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প।

এ সময় তিনি কৃষির স্বার্থে কৃষক, কৃষি কর্মকর্তা, সার ডিলার, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রশাসনের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।

রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, রাজশাহী রেঞ্জের ডিআইজি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বিজিবি প্রতিনিধি, এসআরইবির প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সার ডিলার প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৬:৩৪   ৬ বার পঠিত