
আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি রাজপথে না নেমে ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের অর্থের বিনিময়ে ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন রাজপথে দেখা যায় না। হারানো বিজ্ঞপ্তি দিয়ে আওয়ামী লীগকে খুঁজতে হচ্ছে। তারা রাতের অন্ধকারে কিছু টোকাই দিয়ে ফ্লাইওভারের উপর থেকে বোমা মারছে।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, এ ধরনের অপতৎপরতা চালিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা সফল হবে না। বাংলাদেশের জনগণ এসব সন্ত্রাসী হামলার উপযুক্ত জবাব দেবে।
আজ নগরীর কাজীর দেউড়ি মোড়ে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।
কাজীর দেউরী গোল চত্বর থেকে মিছিলটি শুরু করে আসকার দিঘির পাড় হয়ে জামাল খান মোড়, প্রেসক্লাব হয়ে চেরাগী মোড়ে গিয়ে শেষ হয়।
ডা. শাহাদাত বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাসী মানুষ অগ্নিসন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। কোনো অপশক্তি সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারবে না।
তিনি বলেন, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আরও বলেন, দেশ থেকে বিতাড়িত হয়ে বিদেশে বসে আগুন সন্ত্রাস করছে পলাতক আওয়ামী লীগ। ২০২৪ সালের জুলাই আগস্টে শিশু ও শিক্ষার্থীদের হত্যার পরও তাদের মধ্যে কোন অনুশোচনা নেই।
দণ্ডপ্রাপ্ত আসামী শেখ হাসিনাকে এনে দ্রুত ফাঁসির রায় বাস্তবায়নের দাবি জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন— মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, সরফরাজ কাদের রাসেল, মহানগর বিএনপি নেতা মো. শাহ আলম, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী, আমিন মাহমুদ, হাজী নুরুল আকতার, মনজুর রহমান চৌধুরী, আলহাজ্ব জাকির হোসেন, নূর হোসাইন, জমির উদ্দিন নাহিদ, জিয়াউর রহমান জিয়া ও এমদাদুল হক বাদশাসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৬:৫৬:৪৩ ৪ বার পঠিত #শাহাদাত হোসেন