গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, মুকসুদপুর থানা ও ব্যাংকে অগ্নিসংযোগ

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, মুকসুদপুর থানা ও ব্যাংকে অগ্নিসংযোগ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬



---

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কাশিয়ানী উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী ১৯ নভেম্বর সকালে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন। কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামে অবস্থিত তাঁর নিজ বাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে, মুকসুদপুর উপজেলায় সকাল থেকে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী একযোগে জড়ো হন। এ সময় মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। পাশাপাশি মুকসুদপুর উপজেলা বিএনপি কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে।

বিক্ষোভকারীদের ব্যাপক উপস্থিতির মধ্যে থানা ও ব্যাংক ভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ মুকসুদপুর থানার ভেতরে প্রবেশ করলে কর্তব্যরত পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান বলে জানা গেছে। থানার ভেতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং কয়েকটি মোটরগাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।

এসব ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। টেংরাখোলা বাজারের চৌরঙ্গী মোড়ে অবস্থিত মুকসুদপুর উপজেলা বিএনপি কার্যালয়েও বিক্ষুব্ধ লোকজন ভাঙচুর চালিয়েছেন।

ঘটনাস্থলের পরিস্থিতি, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুকসুদপুর থানার কোনো পুলিশ সদস্যের হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে নেতাকর্মীরা ভেতরে প্রবেশ করেন এবং কার্যালয়টি খুলে দেন।

এ বিষয়ে কয়েকজন বিক্ষোভকারীর সঙ্গে কথা বললে তাঁরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মুকসুদপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সমর্থিত শত শত নেতাকর্মীকে মুকসুদপুর থানা পুলিশ বিভিন্ন ধরনের মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করেছে। তাঁদের দাবি, এ কারণেই আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৫:৫১   ৪ বার পঠিত   #  #  #  #







গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, মুকসুদপুর থানা ও ব্যাংকে অগ্নিসংযোগ
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা-আগুন
গোপালগঞ্জে জনতা ব্যাংকের সঙ্গে উপজেলা প্রশাসন স্কুলের সমঝোতা স্মারক স্বাক্ষর
সহিংসতা নয়,শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান সেলিমুজ্জামান সেলিম
গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামীলীগের কার্যালয়
মুকসুদপুরে কৃতী ১৮ শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দিল ‘আলোর পথে দিগনগর’
চুয়াডাঙ্গার দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের-৮৮ ব্যাচের আয়োজনে মরহুম আ: ওয়াহেদের দোয়া অনুষ্ঠান
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত রাঘদী ইউনিয়ন বিএনপির নেতা ইলিয়াস ফকিরের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ