বন্ধ ট্যানারি চালুতে সহায়তা, পরিবেশগত শর্তে কোনো আপস নয়

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » বন্ধ ট্যানারি চালুতে সহায়তা, পরিবেশগত শর্তে কোনো আপস নয়
বুধবার, ১১ নভেম্বর ২০২৬



বন্ধ ট্যানারি চালুতে সহায়তা, পরিবেশগত শর্তে কোনো আপস নয়

সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পরও যেসব ট্যানারি এখনো উৎপাদনে যেতে পারেনি, সেগুলো চালু করতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার। তবে পরিবেশগত বিধিবিধান পরিপালনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়াশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদন, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সনদ অর্জনের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করতে ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করা হয়েছে। এ কর্মসূচিতে ঋণ আদায়ের হার ৯৮ শতাংশ।

বুধবার রাজধানীর শেরাটন হোটেলে ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ অনুষ্ঠানে এসব তথ্য জানান বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী বলেন, হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের দীর্ঘসূত্রতা চামড়াশিল্পের অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছে। এখন এ খাতের সমস্যাগুলো সমাধানে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে। সাভারে স্থানান্তরিত হওয়ার পরও যেসব ট্যানারি উৎপাদন শুরু করতে পারেনি, সেগুলো সচল করতে প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়া হবে।

পরিবেশগত মান নিশ্চিত করার বিষয়ে কোনো আপস করা হবে না জানিয়ে তিনি বলেন, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হবে।

সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জন করতে হবে। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বাড়ানোর পাশাপাশি উন্নত ক্রোমিয়াম পুনরুদ্ধার ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, গত বছর বাংলাদেশ থেকে লেদার ও নন-লেদার পণ্য মিলিয়ে প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এ খাতের গুরুত্বপূর্ণ বাজার। প্রতিবেশী ভারতও বাংলাদেশের চামড়াজাত পণ্যের অন্যতম প্রধান ক্রেতা।

এ সম্ভাবনা কাজে লাগাতে পণ্যের মান ও পরিবেশগত শর্ত পূরণ করতে হবে।

এসএমই খাতের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের জিডিপিতে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান এখনো এক-চতুর্থাংশের কম। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও আয়বৈষম্য কমাতে এ খাতের অবদান অন্তত ৬০ শতাংশে উন্নীত করা প্রয়োজন।

তিনি জানান, ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ পাওয়ার ক্ষেত্রে নথিপত্র ও প্রক্রিয়াগত জটিলতা কমাতে এসএমই ফাউন্ডেশন পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। উদ্যোক্তারা যেন সহজে প্রাতিষ্ঠানিক সহায়তা ও ঋণ পান, সেটি নিশ্চিত করা হবে।

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার বাড়াতে দুই দেশের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এবং সিবিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক জুডিথ আরেন্ডস বক্তব্য দেন। সিবিআই ও লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৫:০৭:১৫   ২ বার পঠিত   #  #  #  #







কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বন্ধ ট্যানারি চালুতে সহায়তা, পরিবেশগত শর্তে কোনো আপস নয়
আমদানি কমিয়ে কৃষিপণ্য রফতানিতে সক্ষমতা বাড়াতে চায় সরকার
সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল : কৃষিমন্ত্রী
সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আন্তর্জাতিক মানে কৃষিপণ্য রপ্তানিতে দেশে গামা ইরেডিয়েশন প্রযুক্তির সূচনা: কৃষিমন্ত্রী
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের শুল্ক হ্রাস ও বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান
বাজারে উঠছে শীতের সবজি, চড়া দামে বিপাকে ক্রেতারা
রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে - বাণিজ্যমন্ত্রী
দেশি মাছ নিয়ে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে সরকার : কৃষিমন্ত্রী
ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ: মুখ্যসচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ