![]()
নবাবগঞ্জ উপজেলায় ২ হাজার ৫শ’ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার জেলার নবাবগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী। সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে এক কেজি করে উন্নতমানের সরিষার বীজ এবং ২০ কেজি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, কৃষকদের উৎপাদন বৃদ্ধি, কৃষি খাতকে সমৃদ্ধ করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকার বিভিন্ন ধরনের কৃষি প্রণোদনা ও সহায়তা দিচ্ছে। সরিষা চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের বাড়তি আয় ও ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে। এ ধরনের সরকারি সহায়তা কাজে লাগিয়ে কৃষকদের আধুনিক ও লাভজনক কৃষি উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. আতিকুর রহমান রাজা, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কৃষি প্রনোদনায় বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।
বাংলাদেশ সময়: ২২:৫১:৫২ ১৩ বার পঠিত