
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, বিএনপির সরকার একটি গণতান্ত্রিক সরকার। দেশের যেকোনো পরিস্থিতি সরকার রাজনৈতিকভাবেই মোকাবিলা করছে। কোনো অপশক্তি, পরাজিত ও পলায়নকৃত ফ্যাসিস্ট শক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না।
আজ শুক্রবার জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন, গুণী শিক্ষকদের সংবর্ধনা এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সারাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব। বর্তমান সরকার কোনো জুলুম-নির্যাতনের সরকার নয়। ফ্যাসিস্ট শক্তি প্রমাণ করেছে, তাদের কোনো রাজনৈতিক দল বা আদর্শ নেই। তারা সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে বাংলাদেশকে ধ্বংস করে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়। তবে দেশের গণতন্ত্রকামী মানুষ অতীতের মতো এখনো তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে এবং ভবিষ্যতেও তা ব্যর্থ করে দেবে।
আন্তর্জাতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর কর্মসূচি বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। প্রধানমন্ত্রী নিজেকে একজন সর্বগ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে অর্থনৈতিক বিষয়ে ইতিবাচক সাড়া ও সুযোগ তৈরি হচ্ছে। উন্নত দেশগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছে এবং দেশের অর্থনীতি স্থিতিশীল হচ্ছে।
প্রশাসন ও উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে মো. আব্দুল বারী বলেন, দেশের প্রাতিষ্ঠানিক কাঠামো পুনর্র্নিমাণ ও শক্তিশালী করা হচ্ছে। পাশাপাশি একটি সৎ ও দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। তাই জনগণের আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ রাষ্ট্রের বিভিন্ন সুবিধা নিশ্চিত করছে। ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মাবলম্বীদের ভাতা প্রদানের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা হচ্ছে। সম্প্রতি জয়পুরহাটের জন্য কয়েক হাজার কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে।
জেলা প্রশাসক মো. আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মো. মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাইমেনা শারমীন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং যুগ্ম-আহ্বায়ক এম এ ওহাব।
বাংলাদেশ সময়: ২২:৪৯:৩৪ ৯ বার পঠিত