শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর

প্রথম পাতা » চট্টগ্রাম » নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬



নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ কোথাও নাশকতার চেষ্টা করলে তাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। একই সঙ্গে বিএনপি নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) ফেনীর দাগনভূঞায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নাশকতা, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের বর্তমান আইন অনুযায়ী একটি সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ। তাদের প্রতি আহ্বান, আপনারা দাগনভুঞায় এমন কোন কার্যক্রম করবেন না, যাতে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয়।

পরিবেশমন্ত্রী বলেন, আমরা চাই, দাগনভুঞায় সবাই শান্তি-শৃঙ্খলার সঙ্গে বসবাস করুক।
কেউ যদি এমন কোন কার্যক্রম করেন, যাতে এ এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কোনো ছাড় দেবে না।

দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির শুরুতে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও সাবেক ছাত্র নেতা কাজী ফটিকের নেতৃত্বে আলাদা আলাদা বিক্ষোভ মিছিল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

মিছিলে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী মানিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
এ ছাড়া জেলা যুবদলের সাবেক সহসম্পাদক ইসমাইল হোসেন সবুজসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩:১১:৫৮   ৪ বার পঠিত