শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজন, স্বামী-স্ত্রীর অবস্থা সংকটাপন্ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজন, স্বামী-স্ত্রীর অবস্থা সংকটাপন্ন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬



ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজন, স্বামী-স্ত্রীর অবস্থা সংকটাপন্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন শাহিন, তাঁর স্ত্রী লিমা পারভীন এবং তাঁদের দুই আত্মীয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

স্থানীয়দের ভাষ্য, ঘটনার সময় ফ্ল্যাটের সব দরজা-জানালা বন্ধ ছিল। তাঁদের ধারণা, গ্যাসের চুলার চাবি খোলা থাকা অথবা গ্যাসের লাইনে লিকেজের কারণে ঘরের ভেতরে গ্যাস জমে থাকতে পারে।

তাঁরা জানান, সকালে ঘুম থেকে উঠে চুলায় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় ফ্ল্যাটের দরজা-জানালা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দগ্ধ চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘ঘটনাস্থলে আমাদের একটি দল কাজ করছে। বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. হারুনুর রশীদ জানান, দগ্ধ চারজনের মধ্যে শাহিন (৩০) ও লিমা (২৬) গুরুতর অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছেন। শাহিনের শরীরের ৬৮ শতাংশ এবং লিমার ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, হোসেন (২৮) শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর শ্বাসনালিতে আঘাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে, শাহেদ (২৪) শরীরের ৩ শতাংশ দগ্ধ হয়েছেন। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর ক্ষেত্রেও শ্বাসনালিতে আঘাতের আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:১৬:২৮   ৯ বার পঠিত   #  #  #