![]()
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, নিষিদ্ধ দলের কেউ যেন আইন ভঙ্গ করে দেশে অশান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ এমন চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করছেন। কিন্তু একটি মহল দেশে অশান্তি সৃষ্টি করে সরকারের কাজে বিঘ্ন ঘটাতে চায়। তাই যেকোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাস ও অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ বিকেলে ফেনীর সোনাগাজী মো. ছাবের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো এ কর্মসূচির আয়োজন করে। মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। দলটি গত ১৭ বছর জোরপূর্বক ক্ষমতায় থাকাকালে মানুষের স্বাধীনতা, মৌলিক অধিকার ও বাকস্বাধীনতা হরণ করেছিল। এ সময়ে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন, গ্রেফতার ও জেল-জুলুম চালানো হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা।
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আলমগীর হোসেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুদ্দিন খোকন, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা ও যুবদল নেতা দাউদুল ইসলাম মিনার।
এসময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:৫৬:২৬ ১০ বার পঠিত