জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী
রবিবার, ২২ নভেম্বর ২০২৬



জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংযোগের মাধ্যমে জ্ঞানকে বাস্তবমুখী উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগানো সম্ভব বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, এ সম্পর্ক প্রতিষ্ঠায় শুধু শিক্ষার্থীদের শিল্পপ্রতিষ্ঠানে পাঠিয়ে ইন্টার্নশিপ করানোর চিন্তা করলে হবে না। শিক্ষকদেরও আগে শিল্পপ্রতিষ্ঠানে গিয়ে সেখানকার চাহিদা ও বাস্তবতা বুঝতে হবে। এরপর সেই অভিজ্ঞতার ভিত্তিতে গবেষণা, পাঠ্যক্রম ও সিলেবাস তৈরি করে শিক্ষার্থীদের প্রশিক্ষিত করতে হবে।

তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক এমন হতে হবে, যাতে উভয় পক্ষই লাভবান হয়। বিশ্ববিদ্যালয় শিল্পপ্রতিষ্ঠানকে কী দেবে এবং শিল্পপ্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করে কী সুবিধা পাবে, সেটিও বিবেচনায় নিতে হবে। এক পক্ষের সহযোগিতা চাওয়ার পাশাপাশি অন্য পক্ষের সুবিধা ও প্রয়োজনও স্বীকার করতে হবে।

উন্নত বিশ্বের অভিজ্ঞতা অনুসরণ করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন দেশের উন্নয়নের মডেল নিয়ে আমাদের চিন্তা করতে হবে। উন্নত বিশ্ব কীভাবে এগিয়েছে, তাদের অভিজ্ঞতা কী, সেসব বাস্তবসম্মতভাবে অনুসরণ করা প্রয়োজন।

গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশে গবেষণার বিষয়বস্তু ও মান নিয়ে আরও গুরুত্ব দিয়ে ভাবতে হবে। জ্ঞানকে বাণিজ্যিকীকরণ করতে হবে। জ্ঞানকে বাণিজ্যিকভাবে কাজে লাগাতে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে গবেষণার ফলাফল গ্রহণ ও ব্যবহার করতে হবে।

মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে বেকারত্ব তৈরির কারখানায় পরিণত করা যাবে না। বর্তমান শ্রমবাজারে যেসব বিভাগের প্রয়োজন নেই, সেসব বিভাগ চালু করা উচিত নয়। শিক্ষক রাজনীতি বা ছাত্ররাজনীতির বিবেচনায় নতুন বিভাগ খোলার পরিবর্তে বাজারের চাহিদা, কর্মসংস্থানের সুযোগ ও প্রয়োজনীয় জনবল বিবেচনায় নিতে হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকেও এ ক্ষেত্রে সতর্ক ভূমিকা পালন করতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে উদ্বেগের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এআইকে তিনি সমস্যা নয়, বরং সমাধানের অংশ হিসেবে দেখেন। ১৯৮০-এর দশকে কম্পিউটার ও মাইক্রোপ্রসেসরের উদ্ভাবনের সময়ও চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু বাস্তবে সেই আশঙ্কা পুরোপুরি সত্য হয়নি। তাই এআই নিয়েও অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।

বিশ্ববিদ্যালয়ের বাজেট ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। তবে বরাদ্দকৃত অর্থ কীভাবে ব্যয় করা হবে, বিশেষ করে মানসম্মত শিক্ষা ও গবেষণার উন্নয়নে কত অর্থ ব্যয় হচ্ছে, সে বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা নিজেরাই চিহ্নিত করতে হবে এবং সমাধানের উদ্যোগ নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলদের নিজেদের প্রতিষ্ঠানের বাজেট, গবেষণা ও উৎপাদনশীলতা নিয়ে পরিকল্পনা করতে হবে। শুধু বক্তৃতা ও দীর্ঘ গবেষণাপত্র নয়, বাস্তব কাজের অগ্রগতি ও ফলাফলও দেখাতে হবে।

তিনি বলেন, সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় অর্থ ও সহযোগিতা দিতে আগ্রহী। শিল্পপ্রতিষ্ঠানগুলোও সরকারের কাছে বিভিন্ন প্রণোদনা ও সহযোগিতা চায়। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠান উভয়ের প্রয়োজন বিবেচনায় নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া যেতে পারে। শিল্পপ্রতিষ্ঠানের প্রস্তাব, আধুনিকায়ন, পাঠ্যক্রম সংস্কার, ফলাফলভিত্তিক শিক্ষা, যৌথ গবেষণা, উদ্ভাবন কেন্দ্র ও ইনকিউবেটর প্রতিষ্ঠার মতো বিষয়গুলোতে সরকার সহযোগিতা করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স-এর সভাপতি ড. মহিউদ্দিন।

সেমিনারে দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি, অফিসপ্রধান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭:১৫:৩৪   ৭ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ব্রাজিলিয়ান লিগে চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো, রিওতে টানা তৃতীয় শিরোপা
নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের মহাসচিবের সঙ্গে চিফ হুইপের বৈঠক
দিনাজপুর জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ড উদ্বোধন
জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী
এআই দিয়ে মিথ্যা তথ্য তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ