নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর
রবিবার, ২২ নভেম্বর ২০২৬



নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর

নতুন মজুরি বোর্ডের মাধ্যমে তৈরি পোশাক খাতের শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, গার্মেন্টস খাতে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে।
আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের একই পরিবেশে দেখতে চান তিনি।

রবিবার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘দ্বিতীয় আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা সম্মেলন ২০২৬’-এ এসব কথা বলেন শ্রমমন্ত্রী। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন ও কানাডা সহযোগিতা করে।

সম্মেলনে শ্রমমন্ত্রী বলেন, গবেষক, নীতিনির্ধারক, মালিক ও শ্রমিকদের একসঙ্গে কাজ করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে এ সম্মেলন।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কর্মপরিবেশের নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, পেশাগত রোগ, রাসায়নিক পদার্থের প্রভাব এবং নারী ও তরুণ শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গবেষণা জরুরি। এসব গবেষণার ফলাফল দেশের শ্রমনীতি প্রণয়ন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ) পরিদর্শন কার্যক্রম এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ কর্মসূচিকে কার্যকর করতে সহায়তা করবে।

শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা ও তথ্যভিত্তিক শ্রমনীতি প্রণয়ন, পরিদর্শন কার্যক্রম জোরদার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং নারী, তরুণ ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি পেশাগত দুর্ঘটনা ও রোগ প্রতিরোধে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং সরকার, মালিক, শ্রমিক ও উন্নয়ন সহযোগীদের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার শতভাগ চেষ্টা করছে। তবে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে একটি পক্ষ দেশের অর্থনীতি ও তৈরি পোশাক খাতকে ক্ষতিগ্রস্ত করতে চায়। দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত গার্মেন্টসশিল্প রক্ষার দায়িত্ব সবার।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, কারখানার মালিক ও শ্রমিকপক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। শ্রমিকদের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ‘শ্রম আইন ২০২৬’ প্রণয়ন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মজুরি বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, আগে ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে পাঁচ বছর পরপর তৈরি পোশাক খাতের শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছে। তবে এবার ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র তিন বছরের মাথায় নতুন মজুরি বোর্ড গঠন করেছে।

মজুরি বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের প্রতি আস্থা প্রকাশ করে মাহদী আমিন বলেন, শ্রমিকপক্ষ, মালিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিরা যত দ্রুত সম্ভব একটি ন্যায়সংগত মজুরি নির্ধারণ করবেন। এ ক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।

সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদার, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২১:১৮   ৬ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ব্রাজিলিয়ান লিগে চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো, রিওতে টানা তৃতীয় শিরোপা
নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের মহাসচিবের সঙ্গে চিফ হুইপের বৈঠক
দিনাজপুর জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ড উদ্বোধন
জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী
এআই দিয়ে মিথ্যা তথ্য তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ