![]()
ফ্যাসিবাদ ও জুলাই ইস্যুতে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাস করছে। দেশকে কীভাবে এ পরিস্থিতি থেকে উত্তরণ করা যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক ঐক্যের বিষয়েও আলোচনা হয়েছে।
এনসিপির আহ্বায়ক বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী তাঁর অবস্থান থেকে উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেছেন। ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের জায়গা থেকে আমরা বলেছি, বর্তমান জায়গাটা একদিনে হয়নি।’
তিনি বলেন, নির্বাচনের পর গত ৭/৮ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিষয়ে আপসকামিতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার কারণে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, যেকোনো ঐক্য এবং জুলাই ঐক্যের ক্ষেত্রে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। ঐক্যপ্রক্রিয়ায় সংস্কারকে একটি এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত রাখার আহ্বানও জানিয়েছেন তাঁরা।
বাংলাদেশ সময়: ১৬:৪০:৫৫ ১৩ বার পঠিত #জাতীয় নাগরিক পার্টি #জুলাই ঐক্য #তারেক রহমান #নাহিদ ইসলাম