দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

প্রথম পাতা » আন্তর্জাতিক » দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬



দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

অর্থনীতি, বাণিজ্য ও জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ভারত সফর করছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

সোমবার নয়াদিল্লিতে পৌঁছালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় শাহকে লালগালিচা সংবর্ধনা দেওয়ার পাশাপাশি সামরিক গার্ড অব অনার প্রদান করা হয়।

খবরটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

র‌্যাপার থেকে রাজনীতিতে আসা ৩৬ বছর বয়সী বালেন্দ্র শাহ ২০২৫ সালের সেপ্টেম্বরে তরুণদের নেতৃত্বে পরিচালিত দুর্নীতিবিরোধী আন্দোলনের পর ক্ষমতায় আসেন। চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রতিবেশী কোনো দেশে এটিই তার প্রথম সফর।

সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সময় শাহ কালো পোশাক ও তার পরিচিত সানগ্লাস পরেছিলেন। অন্যদিকে, ৭৬ বছর বয়সী মোদি ছিলেন সাদা পোশাকে। এ সময় দুই নেতা পরস্পরের সঙ্গে করমর্দন করেন।

হিমালয় অঞ্চলের স্থলবেষ্টিত দেশ নেপালের জনসংখ্যা প্রায় ৩ কোটি। দীর্ঘদিন ধরেই দেশটিকে দুই বৃহৎ প্রতিবেশী ভারত ও চীনের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রেখে চলতে হচ্ছে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, নেপালের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ভারত। দেশটির মোট আমদানির ৬০ শতাংশের বেশি আসে ভারত থেকে, যার আর্থিক মূল্য প্রায় ৮৬০ কোটি ডলার। অন্যদিকে, চীন থেকে নেপালের আমদানির পরিমাণ প্রায় ১৮০ কোটি ডলার, যা দেশটির মোট আমদানির ১৩ শতাংশ।

সোমবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে বালেন্দ্র শাহকে সামরিক গার্ড অব অনার প্রদান করা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালের প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে নয়াদিল্লি ও কাঠমান্ডুর মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার সুযোগ তৈরি হবে।

এর আগে রোববার ভারতে পৌঁছে নেপালের প্রধানমন্ত্রী দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই বৈঠকে বাণিজ্য, পণ্য পরিবহন, ট্রানজিট সুবিধা এবং জ্বালানি খাতে সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী হওয়ার পর শাহ প্রথমদিকে তার পূর্বসূরিদের মতো বিদেশ সফরে যাননি। তবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর নয়। এর আগে গত সেপ্টেম্বরে তিনি নিউইয়র্ক সফর করেন।

সেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন তিনি। ওই সময় নেপাল ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলা করছিল। দেশটির উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ ও পাহাড় ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় এক হাজার ৪০০ জনের বেশি মানুষ মারা যান এবং পাঁচ হাজার মানুষ নিখোঁজ হন।

মূলত গ্রামীণ অর্থনীতিনির্ভর দেশ নেপালের বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে অবদান অত্যন্ত সামান্য। তবে ওই ভয়াবহ দুর্যোগের পর দেশটির অবকাঠামো পুনর্নির্মাণে আনুমানিক ৪৭৮ কোটি ডলার ব্যয় হতে পারে বলে ধারণা করছে নেপাল সরকার।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৪৩   ২ বার পঠিত   #  #  #  #







আন্তর্জাতিক’র আরও খবর


দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ইরান হামলার সিদ্ধান্ত ট্রাম্পের, সমর্থনের দায়িত্ব নিজের বললেন ভ্যান্স
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ