![]()
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করে তা প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে এ আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।
সাক্ষাৎকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আগামী ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনা সেবাবিষয়ক বছরব্যাপী বৃহৎ জনসচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকারের বছরব্যাপী কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
তিনি জানান, এ কর্মসূচির আওতায় পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য ও সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, স্বাস্থ্য খাত ও পরিবার পরিকল্পনার মতো জাতীয় গুরুত্বপূর্ণ ও মৌলিক চাহিদার বিষয়গুলো বিগত সরকারের সময় চরম অবহেলিত ছিল। বর্তমান সরকার পরিবার পরিকল্পনাসহ স্বাস্থ্য খাতের উন্নয়নে বাজেট বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ, নতুন হাসপাতাল নির্মাণ এবং সেবার মান বাড়ানোসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কার্ডসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিজি জিন্নাত রেহানাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:৪২:১২ ১৪ বার পঠিত #পরিবার পরিকল্পনা কর্মসূচি #মির্জা ফখরুল ইসলাম আলমগীর #সরদার মো. সাখাওয়াত হোসেন #স্বাস্থ্যসেবা