সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

উপকূলের মানুষের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

প্রথম পাতা » অর্থনীতি » উপকূলের মানুষের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬



উপকূলের মানুষের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

মন্ত্রী বলেন, এ অর্থ দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনধারা ও জীবনপদ্ধতিকে টেকসই করা এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিভিন্ন ঝুঁকি থেকে তাদের সুরক্ষায় ব্যয় করা হবে।

আজ সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় বিশ্বব্যাংকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে, নগর উন্নয়ন, সহনশীলতা ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের প্র্যাকটিস ম্যানেজার আবেদালরাজাক এফ. খলিল, বাংলাদেশ ও ভুটানের কার্যক্রমবিষয়ক ব্যবস্থাপক ড. গেইল এইচ. মার্টিন এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ভেরোনিক মেরি মরিন ফ্লোয়াসাক। এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালক আল আমিন ফয়সাল উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের সার্বিক উন্নয়ন এবং চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে মন্ত্রী বলেন, ঢাকা শহরের ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ মোকাবিলা এবং নগরকে আরও বাসযোগ্য ও মানুষের জন্য আরামদায়ক করে তুলতে একটি নতুন প্রকল্পের বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসীর জীবনমান উন্নয়নে ঢাকায় একটি মডেল প্রকল্প বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এ লক্ষ্যে কড়াইল, ভাসানটেক কিংবা এ ধরনের কয়েকটি এলাকার একটি বা দুটি বস্তিকে মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, আগামী এক থেকে দুই বছরের মধ্যে মডেল প্রকল্প তৈরি করে দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক উদ্যোগ নেওয়া সম্ভব হবে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা দিতে সম্মত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বিশ্বব্যাংক দেশকে বিপুল পরিমাণ সহায়তা দিয়ে আসছে। সবচেয়ে কম সুদে অর্থায়নের সুযোগ থাকায় বিশ্বব্যাংককে বরাবরই অগ্রাধিকার দেওয়া হয়।

বিশ্বব্যাংকের প্রতিনিধি জ্যঁ পেসমে বলেন, ঢাকাকে আরও বাসযোগ্য করে তুলতে পাইলট কর্মসূচিতে সহায়তা দেবে বিশ্বব্যাংক। ঢাকার নির্দিষ্ট কিছু এলাকায় কী ধরনের উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া সম্ভব, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রী তাদের পরিকল্পনা তুলে ধরেছেন।

তিনি জানান, আলোচনার ভিত্তিতে নতুন পাইলট কর্মসূচির মাধ্যমে বিশ্বব্যাংক সহায়তা দেবে। নগরের বিশেষ চ্যালেঞ্জপূর্ণ এলাকাগুলোর উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া সম্ভব, তা যাচাইয়ের মডেল হিসেবে এ কর্মসূচি বাস্তবায়িত হবে।

তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলের উন্নয়নে সহায়তার পাশাপাশি ভৌত অবকাঠামো ও জীবিকার উন্নয়ন এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে কীভাবে সহায়তা করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে। বর্তমান কর্মসূচির পাশাপাশি ভবিষ্যৎ কৌশল নির্ধারণেও এসব বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, পরিবহনসহ বিভিন্ন খাতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় করে ছোট পরিসরে পরীক্ষামূলক উদ্যোগের মাধ্যমে কাজ শুরু করার বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। এসব উদ্যোগের মাধ্যমে কীভাবে নগরবাসীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনা যায়, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:২৩   ১১ বার পঠিত   #  #  #  #