![]()
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামী ৩০ নভেম্বরের মধ্যে চুক্তি সইয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। চুক্তি সইয়ের পর ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইটের মাধ্যমে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগতে পারে।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন (রিমন) এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরী উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, তৃতীয় টার্মিনাল পরিচালনার বিষয়ে কনসেশন চুক্তি (পরিচালনা ও ব্যবস্থাপনা-সংক্রান্ত চুক্তি) চূড়ান্ত হয়েছে। এখন ঠিকাদারের সঙ্গে চুক্তি সই করা হবে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এ চুক্তি সইয়ের লক্ষ্য রয়েছে। এরপর ১৬ ডিসেম্বর টার্মিনালটির আংশিক কার্যক্রম চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
প্রাথমিকভাবে চারটি ফ্লাইটের মাধ্যমে কার্যক্রম শুরু হবে জানিয়ে বিমানমন্ত্রী বলেন, প্রথম দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট দিয়ে টার্মিনালটির যাত্রা শুরু হবে।
পরবর্তী সময়ে ধীরে ধীরে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। পর্যায়ক্রমে সিঙ্গাপুরসহ অন্যান্য গন্তব্যের ফ্লাইট যুক্ত করার বিষয়েও আলোচনা চলছে।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, শুরুতে ২৫ শতাংশ সক্ষমতা নিয়ে টার্মিনালটি চালুর পরিকল্পনা থাকলেও কনসোর্টিয়াম তাৎক্ষণিকভাবে এতটা সক্ষমতায় কার্যক্রম শুরু করতে পারবে না। এ কারণে প্রাথমিকভাবে চারটি ফ্লাইট দিয়ে আংশিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সাধারণত এভাবেই পর্যায়ক্রমে কার্যক্রম সম্প্রসারণ করা হয়।
পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে কত দিন লাগতে পারে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৬ ডিসেম্বর থেকে হিসাব করলে সর্বোচ্চ ১৪ মাসের মধ্যে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে পারে।
বাংলাদেশ সময়: ১৬:৫২:২০ ৭ বার পঠিত #এম রশিদুজ্জামান মিল্লাত #জাপানি কনসোর্টিয়াম #তৃতীয় টার্মিনাল #হযরত শাহজালাল বিমানবন্দর