মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬



ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর

দেশের ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলতে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে দেশের ৬১টি জেলার প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটালাইজড করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গতকাল রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল লাউঞ্জে ভূমি মন্ত্রণালয়ের ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’ এবং ইউএনডিপির মধ্যে এই গুরুত্বপূর্ণ অংশীদারত্ব চুক্তি সম্পন্ন হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. পারভেজ হাসান বিপিএএ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস।
বাংলাদেশ সরকারের অর্থায়নে গৃহীত এই মেগা উদ্যোগের মূল লক্ষ্য হলো ভূমিসংক্রান্ত তথ্যের শতভাগ নির্ভুলতা নিশ্চিত করা, নাগরিকদের জন্য ভূমিসেবা সহজলভ্য করা, প্রশাসনিক দীর্ঘসূত্রতা দূর করা এবং সাধারণ মানুষের ভূমির মালিকানা ও অধিকার সুরক্ষা জোরদার করা। হোল্ডিং ও খতিয়ানের যাবতীয় রেকর্ড একটি সমন্বিত ও নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হলে নাগরিকেরা ঘরে বসেই অনলাইনে নির্ভুল তথ্য যাচাই, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ই-নামজারির আবেদন করতে পারবেন। এর ফলে ভূমিসেবা পেতে নাগরিকদের বারবার ভূমি অফিসে যাওয়ার ভোগান্তি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য চিরতরে বন্ধ হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, “অতীতে দেশের ভূমি ব্যবস্থাপনার চিত্র মোটেও সুখকর ছিল না। ভূমির সুষ্ঠু বণ্টন না থাকায় ভূমিদস্যুরা ছিল বেপরোয়া এবং ফড়িয়া-দালালদের দৌরাত্ম্যে খুনখারাবিসহ নানা অরাজকতায় সাধারণ মানুষ জিম্মি হয়ে থাকত। যুগের পরিবর্তনের সাথে সাথে সেই অন্ধকার অধ্যায়ের অবসান ঘটতে চলেছে। আগামীর বাংলাদেশে একটি আধুনিক, স্বচ্ছ ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে ইউএনডিপির সাথে সরকারের আজকের এই ঐতিহাসিক চুক্তি যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভূমি মন্ত্রী।” তিনি আরও বলেন, “নির্ভেজাল ও নির্ভুল ডিজিটাল রেকর্ডই হলো টেকসই ভূমিসেবার মূল ভিত্তি। এই অংশীদারত্ব ভূমি বিরোধ নিরসন, অনিয়ম-দুর্নীতি রোধ এবং নাগরিকদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে মাইলফলক হয়ে থাকবে।”

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের রূপকল্প তুলে ধরে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে একটি বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক ও সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, দেশে সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে অভ্যন্তরীণ প্রায় ৮০ শতাংশ মামলা-মোকদ্দমার অবসান ঘটবে।” ভূমি নিয়ে বিরোধ ও হানাহানি কারোরই কাম্য নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী মীর হেলাল তথ্যের নির্ভুলতার ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, “ভূমি রেকর্ড ডিজিটালাইজেশনের ক্ষেত্রে যাচাইকৃত ও নির্ভুল তথ্য সংরক্ষণ করা সবচেয়ে জরুরি। নারী, প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় এই সুফল পৌঁছে দিতে মাঠ প্রশাসন, ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একটি যুগোপযোগী ও নির্ভরযোগ্য ভূমি রেকর্ড তৈরিতে আজকের এই চুক্তি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এমন আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।”

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “নির্ভুল ডিজিটাল তথ্যভাণ্ডার ছাড়া আধুনিক ভূমিসেবা কখনোই টেকসই হতে পারে না। ভূমি অফিসের রেকর্ড যত নির্ভুল হবে, সাধারণ মানুষের ভোগান্তি তত কমবে। এর ফলে একদিকে যেমন ভূমিসংক্রান্ত বিরোধ ও মামলা কমবে, অন্যদিকে সরকারি রাজস্ব আদায়েও পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত হবে।”

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস বলেন, “আমাদের সাফল্যের মাপকাঠি কেবল কতগুলো রেকর্ড ডিজিটাল করা হলো তা নয়; বরং নাগরিকেরা এই ডিজিটাল রেকর্ডের ওপর কতটা আস্থা রাখতে পারছেন, সেটিই মূল বিষয়। ভূমির অধিকার সুরক্ষা এবং সমাজের কোনো মানুষ যেন পিছিয়ে না থাকে, তা নিশ্চিত করতে কারিগরি দক্ষতা ও মান বজায় রেখে বাংলাদেশ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে ইউএনডিপি প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. পারভেজ হাসান বিপিএএ এবং প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনার ওপর বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র ন্যাশনাল কনসালটেন্ট মোঃ আতিকুল হক।

উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপির পূর্ববর্তী সফল অংশীদারত্বের ধারাবাহিকতায় দেশব্যাপী এই বৃহৎ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ২০২৫ সালে প্রাক্‌-পাইলট কার্যক্রমের মাধ্যমে যাত্রা শুরুর পর পর্যায়ক্রমে আটটি পাইলট জেলা এবং পরবর্তীতে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে এর সফল বাস্তবায়ন ঘটে। এ পর্যন্ত ১১টি জেলার ৩৩৪টি ইউনিয়ন ভূমি অফিসের প্রায় ১ কোটি ৩৩ লাখ হোল্ডিং ও খতিয়ানের রেকর্ড সফলভাবে ডিজিটালাইজড করা হয়েছে। নতুন এই চুক্তির আওতায় বহুস্তরীয় তথ্য যাচাই, মাঠপর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিদ্যমান রেকর্ডের অসংগতি দূর করে জালিয়াতির পথ চিরতরে বন্ধ করা হবে। এর ফলে বিশেষ করে নারী, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি, প্রবাসী এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ভূমিসেবা প্রাপ্তি আরও সহজ ও নিরাপদ হবে।

বাংলাদেশ সময়: ১৭:৫৪:২৮   ৭ বার পঠিত