বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা

প্রথম পাতা » খেলাধুলা » ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬



ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা

মার্কো ইয়ানসেনের সেঞ্চুরি পর্যন্ত কি অপেক্ষা করবেন এইডেন মার্করাম? পর্বতসম লিডকে আরো কত বাড়াবেন?

ইয়ানসেন অপরাজিত ৬৭ আর দক্ষিণ আফ্রিকা ৪০৩ রানের লিড নিয়ে গতকাল সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিন শেষ করার পর এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল।

তবে আজ বাংলাদেশের প্রতি ‘সদয়’ হলেন মার্করাম।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক নিজেদের প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে তৃতীয় দিনের শুরুতেই সফরকারীদের ব্যাটিংয়ে পাঠালেন।

সোমবার বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার পেসারদের তোপে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ৭ উইকেটে ৪৯৪ রান তুলে প্রথম ইনিংস ছেড়ে দিয়েছে প্রোটিয়ারা।

দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে বিনা উইকেটে ২১ রান করেছে বাংলাদেশ।
মাহফিজুল ইসলাম রবিন ১৭ ও তানজিদ হাসান ৪ রানে অপরাজিত। দুই প্রান্ত থেকে বোলিং আক্রমণে কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন।

ইনিংস হার এড়াতে নাজমুল হোসেন শান্তর দলের দরকার আরো ৩৮২ রান। সেঞ্চুরিয়ানে এর আগে একটিমাত্র টেস্ট খেলেছে বাংলাদেশ।
২০০৮ সালে অনুষ্ঠিত সেই ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছিল মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন দল।

বাংলাদেশ সময়: ১৭:১১:৫৫   ২১ বার পঠিত