প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংসদীয় কমিটির একগুচ্ছ সুপারিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংসদীয় কমিটির একগুচ্ছ সুপারিশ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬



---

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি মাহমুদা হাবিবা এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং কমিটির সদস্য মো. সাদিক রিয়াজ, মো. ইলিয়াস মোল্লা, মো. মোক্তার আলী ও মাহফুজা হান্নান অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে কমিটির সভাপতি ও সদস্যদের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রথম সভার আলোচ্য বিষয়গুলোর সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যক্রম, চলমান নন-ফরমাল এডুকেশন ডেভেলপমেন্ট কার্যক্রম এবং প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। কমিটির সদস্যরা উপস্থাপিত বিষয়গুলোর ওপর আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন সুপারিশ প্রদান করেন।

প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুরা যাতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য তাদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে কমিটি।

প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ক্ষেত্রে কোনো অঞ্চলের সব বিদ্যালয় যাতে কর্মসূচির আওতায় থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

প্রাথমিক স্তরে নৈতিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মভিত্তিক শিক্ষক পদায়নের পরামর্শ দিয়েছে কমিটি।

বৈঠকে দেশে একটি সুনির্দিষ্ট ও কার্যকর জাতীয় শিক্ষা নীতি (National Education Policy) নির্ধারণের সুপারিশ করা হয়।

টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, যোগ্য শিক্ষক নিয়োগ বৃদ্ধি এবং শিক্ষা পদ্ধতি ও পাঠ্যক্রম যুগোপযোগী করার সুপারিশ করেছে কমিটি।

শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতি এমনভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে শিক্ষার্থীদের অন্য কোথাও প্রাইভেট বা কোচিংয়ে পড়ার প্রয়োজন না হয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়।

প্রাথমিক শিক্ষক নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতির প্রক্রিয়া সহজতর ও দ্রুত করার উপায় বের করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটি।

এ ছাড়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরগুলোর বিভিন্ন খাতে বরাদ্দ করা বাজেট বাস্তবায়নের অগ্রগতি প্রতি তিন মাস অন্তর কমিটির কাছে উপস্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও কমিটি সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৫৭   ২০ বার পঠিত   #  #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


সহিংসতা ও নৈরাজ্যের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে: কাদের গনি চৌধুরী
জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার ও শূন্য পদ পূরণের সুপারিশ সংসদীয় কমিটির
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংসদীয় কমিটির একগুচ্ছ সুপারিশ
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
ইসলামাবাদে বাংলাদেশের স্পিকারের সঙ্গে জারদারির বৈঠক
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ দেশের মানুষ: রিজভী
তিন বছরের মধ্যে মজুরি নির্ধারণে শ্রমিক-মালিকের সমন্বিত উদ্যোগ: শ্রমমন্ত্রী
নারী সাংবাদিকদের উন্নয়নে আর্থিক সহায়তাসহ উদ্যোগ নেবে সরকার: তথ্যমন্ত্রী
নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
সরিষাবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ১, কারাগারে প্রেরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ