![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন বৃত্তি অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং ৪ জন অনুপস্থিত ছিল। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৯ জন কক্ষ পরিদর্শক দায়িত্ব পালন করেন।
পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আমিনুল ইসলাম এবং হল সুপার ছিলেন শহীদ ক্যাডেট একাডেমির পরিচালক মো. ইসমাইল হোসেন। এ ছাড়া বৃত্তি পরীক্ষার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন শান্তিনিকেতন প্রি-ক্যাডেটের পরিচালক মনজুরুল ইসলাম।
অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ হলো- নর্থ সাউথ প্রি-ক্যাডেট একাডেমি স্কুল অ্যান্ড কোচিং সেন্টার, শান্তি নিকেতন কিন্ডারগার্টেন স্কুল,
আদ্রা আর এফ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কোচিং সেন্টার, আব্দুল ওয়াদুদ আলী স্কুল অ্যান্ড ক্যাডেট কোচিং, মোনালিসা কিন্ডারগার্টেন স্কুল, সুলতান সেমি ইংলিশ মিডিয়াম স্কুল, শহীদ ক্যাডেট একাডেমি,
এফ এম আইডিয়াল স্কুল, কুমারীয়াবাড়ি কাজীপুর।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন ও বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. আন্নু মিয়া। এ সময় ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় ইউপি সদস্য, বিএনপি নেতা বাবর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক শাহিনুর ইসলাম, মনজুরুল ইসলাম, রবিউল ইসলাম, শামীম মিয়া, আনোয়ার হোসেন, সুলতান মিয়া, ইসমাইল হোসেন, রকিবুল ইসলাম ও মনির হোসেন উপস্থিত ছিলেন।
পরীক্ষা শেষে সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীরা জানায়, প্রশ্ন ও পরিবেশ বেশ ভালো ছিল। অন্যদিকে অভিভাবকেরা বলেন, শিশুদের পরীক্ষার ভীতি দূর করে সাহসী করে গড়ে তুলতে এবং মেধা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত জরুরি।
আয়োজকদের মতে, নিয়মিত এমন বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ সময়: ১৫:১১:৫২ ৭ বার পঠিত