
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশব্যাপী অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে সালথা উপজেলা পরিষদের সামনে থেকে উপজেলা মহিলা দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি সালথা সদর বাজারসহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা দলের নেত্রী সাবিহা আক্তার লুনা, ফারজানা বেগম, সুবর্ণা আক্তার আসমা, জেসমিন খান, রোজিনা আক্তার, রুমা বেগমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে জননেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছেন। সালথা উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। কোনো ধরনের নৈরাজ্য বা অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না।
তারা আরও বলেন, আওয়ামী লীগের কোনো দোসরকে সালথা-নগরকান্দিতে অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। শামা ওবায়েদ ইসলামের নেতৃত্বে সালথা-নগরকান্দির মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২২:৪৭:৫৩ ৬ বার পঠিত