
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল, এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের সর্বশেষ অগ্রগতি, ৫৬টি ইসলামিক মিশন কেন্দ্র এবং ০৩টি ইসলামিক মিশন হাসপাতালের সার্বিক কার্যক্রম, হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২ এবং মডেল মসজিদের ইমামদের প্রশিক্ষণ কার্যক্রমসহ মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে মডেল মসজিদে বিদ্যুতের সাশ্রয় ও সৌরবিদ্যুৎ ব্যবহারের সম্ভাবনা যাচাই করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মডেল মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ ব্যবস্থাপনায় ব্যয় সাশ্রয়ী উদ্যোগ গ্রহণ এবং সকল মসজিদসমূহে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের সর্বশেষ অবস্থা পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়ন এবং মসজিদ পাঠাগার সম্প্রসারণ কার্যক্রমের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা বোর্ড হতে পাস করা জনবলকে অন্তর্ভূক্তকরণের বিষয়টি বিবেচনা করার জন্য সুপারিশ করা হয়।
বৈঠকে ইসলামিক মিশন হাসপাতাল ও মিশন কেন্দ্রগুলোর চিকিৎসাসেবার মান উন্নয়ন, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং শূন্য পদ পূরণের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়।
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার
মিশনসহ ইসলামিক ফাউন্ডেশনের ৬৯ একর বেদখলি জমি আগামী ১৫ দিনের মধ্যে পুনরুদ্ধার করার জন্য সুপারিশ করা হয়।
ইসলামিক মিশন হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও অন্যান্য প্রয়োজনীয় জনবল নিশ্চিত করে সাধারণ মানুষের জন্য মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা প্রদানের সুপারিশ করা হয়।
এছাড়া ইসলামিক মিশন কেন্দ্রগুলোর মাধ্যমে পরিচালিত চিকিৎসাসেবা, শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম এবং অসহায় মানুষের কল্যাণে গৃহীত কর্মসূচি আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২ (২০২৪ সালে সংশোধিত) নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। হজযাত্রীদের সুষ্ঠু ব্যবস্থাপনা, সেবার মান বৃদ্ধি এবং হজ ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিদ্যমান হজ এজেন্সিসমূহের পারফরমেন্স যাচাই-বাছাই করে ন্যায় সঙ্গতভাবে লাইসেন্স বাতিল ও নতুন লাইসেন্স প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
মডেল মসজিদ ও অন্যান্য মসজিদের ইমামদের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি তাঁদের দক্ষতা ও পেশাগত মান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।
সভাপতি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা, ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে জনকল্যাণমূলক সেবা সম্প্রসারণে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
বৈঠকে কমিটি সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), এমপি; ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, এমপি; মোঃ জাহিদুর রহমান, এমপি; সূবর্না সিকদার, এমপি; মোঃ নুরুল আমীন, এমপি; মোহাম্মদ আবুল হাসান, এমপি; এবং মুহাম্মাদ আব্দুল খালেক, এমপি অংশগ্রহণ করেন।
বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের প্রধানগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:৫৭:২৭ ৩ বার পঠিত