চলতি ফেব্রুয়ারির মধ্যেই শিক্ষার্থীরা পাঠ্যবই পাবে: উপদেষ্টা বিধান রঞ্জন

প্রথম পাতা » ছবি গ্যালারী » চলতি ফেব্রুয়ারির মধ্যেই শিক্ষার্থীরা পাঠ্যবই পাবে: উপদেষ্টা বিধান রঞ্জন
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫



চলতি ফেব্রুয়ারির মধ্যেই শিক্ষার্থীরা পাঠ্যবই পাবে: উপদেষ্টা বিধান রঞ্জন

চলতি ফেব্রুয়ারির মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঠ্যবই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

সোমবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও রুম টু রিড বাংলাদেশ নামের একটি সংগঠন যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। উপজেলার একটি রিসোর্টে পঠন দক্ষতা ও পাঠাভ্যাস উন্নয়নে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে গতকাল (রবিবার) পর্যন্ত খবর হলো, তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বই ৮৫ শতাংশের বেশি মাঠপর্যায়ে চলে গেছে। আমরা চতুর্থ ও পঞ্চম শ্রেণির বইয়ে (সরবরাহে) পিছিয়ে ছিলাম, সেগুলোর ৮৪ শতাংশ মাঠপর্যায়ে চলে গেছে। আশা করি, ফেব্রুয়ারির মধ্যেই প্রাথমিকের (শিক্ষার্থীরা) বই পেয়ে যাবে।’

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশে একজন মানুষ তার বাচ্চাকে কোথায় পড়াবেন, সেটা তার নিজের সিদ্ধান্তের বিষয়। সুতরাং কেউ যদি মনে করেন, কিন্ডারগার্টেনে গেলে বাচ্চার ভালো পড়াশোনা হবে, সেটা তার ব্যাপার। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে দুটি। প্রথমত, প্রাথমিক শিক্ষার মান যেন বাড়ে, আমরা সেই চেষ্টা করছি। দ্বিতীয়ত, আমরা দেখব, যেসব কিন্ডারগার্টেন চলে সেসব যেন আমাদের জাতীয় কারিকুলাম ফলো (অনুসরণ) করে। কারণ, আমরা তাদের প্রাথমিক স্কুলের বইগুলো বিনামূল্যে দিই।’

সম্মেলনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) পরিচালক জিয়া আহমেদ সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হোসনে আরা বেগম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. আতাউল গনি, রুম টু রিড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৩৪:০৭   ৪৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ