ব্রাজিলের ক্লাবের কাছে ধরাশায়ী ইউসিএল চ্যাম্পিয়ন পিএসজি

প্রথম পাতা » খেলাধুলা » ব্রাজিলের ক্লাবের কাছে ধরাশায়ী ইউসিএল চ্যাম্পিয়ন পিএসজি
শুক্রবার, ২০ জুন ২০২৫



ব্রাজিলের ক্লাবের কাছে ধরাশায়ী ইউসিএল চ্যাম্পিয়ন পিএসজি

রীতিমতো উড়ছিল প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রথমবারের মতো তারা ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছে। যেখানে তারা ইন্টার মিলানকে বিধ্বস্ত করে ৫-০ গোলে। এরপর অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে পিএসজি ফিফা ক্লাব বিশ্বকাপও শুরু করে। কিন্তু পরের ম্যাচেই তাদের হোঁচট খেতে হয়েছে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর কাছে।

বাংলাদেশ সময় আজ (শুক্রবার) ভোরে সম্প্রতি ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট পরা পিএসজি ৫৩ হাজার ৬৯৯ দর্শক ধারণক্ষমতার রোজ বোল স্টেডিয়ামে মুখোমুখি হয় বোটাফোগোর। পুরো ম্যাচজুড়ে বল দখল থেকে শুরু করে, শট ও পাস সংখ্যা–অ্যাকুরেসি প্রতিটি ক্ষেত্রেই যোজন যোজন দাপট ছিল ফরাসি জায়ান্টদের। তবে লুইস এনরিকের দলের একটাই ঘাটতি ছিল, সেটি হচ্ছে গোল। ব্রাজিলিয়ান তরুণ ইগোর জেসুসের একমাত্র গোলে বোটাফোগো তাদের হারের স্বাদ দিয়েছে।

গত ৩ মে’র পর আর কোনো ম্যাচ হারেনি পিএসজি। তারা সেই ফল দেখল দক্ষিণ আমেরিকান ক্লাব ফুটবলের (কোপা লিবার্তাদোরেস) বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলিয়ান ক্লাবটির কাছে। অর্থাৎ, এই লড়াই হয়েছে দুই মহাদেশীয় (ইউরোপ–লাতিন) চ্যাম্পিয়নের মাঝে। পুরো ম্যাচে পিএসজির বল দখলে ছিল প্রায় ৭৫ শতাংশ। এ ছাড়া ১৬ শটের মধ্যে ২টি লক্ষ্যে এবং ৯০ শতাংশ সফল পাস দিয়েছে তারা। অন্যদিকে, বোটাফোগো ৪ শটের সবকটিই লক্ষ্যে রাখতে পেরেছে। তাদের পাসে সাফল্য ছিল ৭৬ শতাংশ।

ম্যাচের একমাত্র গোলটি হয়েছে প্রথমার্ধের ৩৬ মিনিটে। সেই গোলই ফল নির্ধারণ করে দিয়েছে। যা ছিল ১৭ মে’র পর পিএসজির জালে প্রথম গোল। মাঝমাঠ থেকে জেফারসন সাবারিনোর পাস ধরে জেসুস একজনকে কাটিয়ে পিএসজির বক্সে ঢুকে শট নেন। একপ্রান্ত দিয়ে জালে বল যাওয়ার দৃশ্য নীরবে দেখেছেন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। উল্লাসে ফেটে পড়ে বোটাফোগো সমর্থকরা। ব্রাজিলিয়ান ক্লাবটিকে এগিয়ে দেওয়া জেসুসকে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগের দল নটিংহ্যাম ফরেস্টে দেখা যেতে পারে।

এগিয়ে থাকার আত্মবিশ্বাস নিয়ে বোটাফোগো দ্বিতীয়ার্ধে বলের নিয়ন্ত্রণ বাড়ানোর জোর প্রচেষ্টা চালায়। এরই মাঝে ৫০ মিনিটে ভিতিনহার নেওয়া দারুণ এক ফ্রি-কিক ঠেকিয়ে দেন বোটাফোগো গোলরক্ষক জন ভিক্টর। এরপর ৭৯ মিনিটে এগিয়েও গিয়েছিল পিএসজি। প্রতিপক্ষের হাইলাইন ডিফেন্স দেয়াল ভেঙে ব্র্যাডলি বারকোলা বল জালে জড়ান। পিএসজি সমতায় ফেরার পরমুহূর্তেই তা কাটা পড়ে অফসাইডে। শেষ পর্যন্ত পিএসজি আর স্কোরলাইনে পরিবর্তন আনতে পারেনি।

এই জয়ে ক্লাব বিশ্বকাপের পরের রাউন্ডে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল বোটাফোগো। এখন পর্যন্ত খেলা দুই ম্যাচেই জিতে তারা ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে। ২ ম্যাচে সমান ৩ পয়েন্ট করে পাওয়া পিএসজি ও অ্যাতলেটিকো আছে যথাক্রমে দুই-তিনে। অবশ্য গোল ব্যবধানে এগিয়ে ফরাসিরা।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:০৬   ২০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা সহ-স্বাগতিক কানাডার
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, জায়গা পেলেন যারা
দুই নতুন মুখ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা
মালদ্বীপকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ
কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসে ক্রিস্টাল প্যালেস
দল ঘোষণা করলো পানামা
প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশে আর্সেনালের দাপট
‘বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে যাওয়ায় আমি অনেক গর্বিত’
নিশ্চিত হলো ইউরোপের মঞ্চে কারা খেলবে
হার দিয়ে সিটি অধ্যায় শেষ করলেন গার্দিওলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ