যশোরে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৫ আগস্ট উদ্বোধন

প্রথম পাতা » খুলনা » যশোরে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৫ আগস্ট উদ্বোধন
সোমবার, ১৪ জুলাই ২০২৫



যশোরে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৫ আগস্ট উদ্বোধন

যশোর শহরের বকুলতলায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) বেলা ১১টায় যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনের পর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, সারাদেশের মতো যশোরেও জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, ১৯৭১-এ বহু রক্তের বিনিময়ে বহিরাগত শক্তির বিরুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। আর ২০২৪-এর দেশের ভেতরকার ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রক্ত দিয়ে লড়াই করে নতুন ইতিহাস রচিত হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের সেই সাহস, ত্যাগ আর প্রত্যয়ের স্মারক এই স্মৃতিস্তম্ভ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

জেলা প্রশাসনের তথ্য মতে, জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণে যৌথভাবে কাজ করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত বিভাগ। এর জন্য বরাদ্দ ১৪ লাখ টাকা। স্মৃতিস্তম্ভটির উচ্চতা হবে ১৮ ফুট ও প্রস্থ হবে ৬ ফুট। এর বিভিন্ন অংশ খোদাই করা হবে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজপথে উচ্চারিত উদ্দীপনামূলক স্লোগান। আগামী ৫ আগস্ট এই স্মৃতিস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিকী, জাতীয় নাগরিক পার্টির নেতা নূরুজ্জামান, জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ আব্দুল্লাহর বাবা আব্দুল জব্বার, জুলাই যোদ্ধা মাসুম বিল্লাহ, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

উল্লেখ্য, একই স্থানে এর আগে শেখ মুজিবর রহমানে ম্যুরাল স্থাপন করা হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর গত ৫ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র-জনতা ম্যুরালটি গুঁড়িয়ে দেয়। সেই স্থানেই জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:৫১   ২৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ
হাসিনার নিজেকে নিরাপরাধ প্রমাণের পথ বিচারের মুখোমুখি হওয়া: আইনমন্ত্রী
মেহেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ১০৪৩ বোতল নিষিদ্ধ ভারতীয় সিরাপসহ আটক ৩
অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে মানবিক উদ্যোগ বাড়াতে হবে: ডেপুটি স্পিকার
দক্ষ মানবসম্পদ গঠনে স্কিল আইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ডেপুটি স্পিকার
কুষ্টিয়ার সীমান্তবর্তী ১শ’ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি’র
স্মার্ট কৃষক কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ পরিবেশ প্রতিমন্ত্রীর
মোল্লাহাটে প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য,৭০ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করল ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর ৩ দস্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ