
জনগণকে এমন মানসম্মত সেবা দিতে হবে, যাতে কারও কোনো প্রশ্ন বা অভিযোগ না থাকে—সরকারি কর্মকর্তাদের এমন নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ভূমি অফিসে সরকার নির্ধারিত মূল্যের বাইরে এক টাকাও অতিরিক্ত নেওয়া যাবে না বলে সতর্ক করেছেন তিনি।
শুক্রবার সকালে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায়। মানুষের দুর্ভোগ ও অভিযোগের ক্ষেত্র কমিয়ে আনতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী এ সরকারকে একটি গণমুখী সরকারে রূপ দিতে চান।
তিনি আরও বলেন, এই সরকার দেশের সব মানুষের। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে সরকার একবিন্দুও সরবে না। প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করা হবে।
ভূমি অফিসের ভবন উদ্বোধনের পর প্রতিমন্ত্রী যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ড্রেন ও সড়ক নির্মাণকাজেরও উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬:৩৯:৫১ ২৬ বার পঠিত #অনিন্দ্য ইসলাম অমিত #যশোর ভূমি অফিস #রামনগর ইউনিয়ন ভূমি অফিস