গাজায় লাগাতার ইসরায়েলি হামলায় নিহত আরও ৬২ ফিলিস্তিনি

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় লাগাতার ইসরায়েলি হামলায় নিহত আরও ৬২ ফিলিস্তিনি
রবিবার, ৩ আগস্ট ২০২৫



গাজায় লাগাতার ইসরায়েলি হামলায় নিহত আরও ৬২ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়েছিলেন।

রোববার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, গাজা উপত্যকায় শনিবার ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আল জাজিরাকে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়েছিলেন।

নিহতদের মধ্যে ৩৮ জন এমন স্থান থেকে সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান, যেগুলো পরিচালনা করছে বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)। এই সংস্থাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত হচ্ছে।

এর আগেও জিএইচএফ পরিচালিত স্থানে সহায়তা নিতে গিয়ে হতাহতের ঘটনা ঘটেছে। যদিও গত সপ্তাহেই ইসরায়েল ঘোষণা দিয়েছিল, মানবিক সহায়তা পৌঁছাতে সুবিধা দিতে তারা কিছু এলাকায় প্রতিদিনই হামলায় “কৌশলগত বিরতি” দেবে।

এই বিরতির ঘোষণার পর ২৭ জুলাই থেকে তা কার্যকর হয়। তবে জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, শুধু বুধবার ও বৃহস্পতিবারেই খাদ্য সহায়তা নিতে গিয়ে ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাতিসংঘের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে মোট ১৩৭৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একই সময়ের মধ্যে অপুষ্টি ও অনাহারে মারা গেছেন আরও ১৬৯ জন, যাদের মধ্যে ৯৩ জন শিশু।

সহায়তা নেওয়ার সময় ইসরায়েলি সেনা ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা চুক্তিতে নিয়োজিত মার্কিন কন্ট্রাক্টরদের কাছ থেকে সরাসরি গুলি চালানোর বহু অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন গাজাবাসীরা।

গাজার মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সমালোচনার মুখে সাম্প্রতিক সময়ে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, স্পেন, জার্মানি ও ফ্রান্স বিমান থেকে ত্রাণ সরবরাহ করছে। তবে জাতিসংঘের ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা সংস্থা ইউএনআরডব্লিউএসহ বিভিন্ন মানবিক সংগঠন বলছে, আকাশপথে ত্রাণ সরবরাহ অপ্রতুল এবং স্থলপথে সহায়তার প্রবাহ নিশ্চিত করতে হবে।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, শনিবার মাত্র ৩৬টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে, অথচ মানবিক প্রয়োজনে প্রতিদিন অন্তত ৬০০টি ট্রাক প্রয়োজন।

এদিকে খান ইউনিসে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে ইসরায়েলি হামলায় সংস্থাটির এক কর্মী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। হামলায় ভবনের প্রথম তলায় আগুন ধরে যায় বলে এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে সংস্থাটি।

গাজার দেইর আল-বালাহ থেকে শনিবার আল জাজিরার সাংবাদিক হিন্দ খোদারির প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক ত্রাণ সরবরাহ সত্ত্বেও ফিলিস্তিনিদের অবস্থা অপরিবর্তিত রয়ে গেছে। বাজারে খাবার প্রায় নেই, আর যেটুকু আছে সেটি অনেক বেশি দামে কিনতে হচ্ছে। ফলে জীবন ঝুঁকিতে ফেলে খাবার সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।

বাংলাদেশ সময়: ১১:২৮:১৭   ২৪০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে আইন অনুযায়ী সমাধানের কথা জয়সওয়ালের
প্রথম দিনেই নেতানিয়াহু সরকারের বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ
পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ