প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসারে জোর দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসারে জোর দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫



প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসারে জোর দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষা ব্যবস্থার মূল ফোকাস হতে হবে সাক্ষরতা ও প্রাথমিক স্তরে শিশুদের ভিত্তিমূলক শিক্ষা।

তিনি বলেন, সাক্ষরতার বিস্তারে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। একই সঙ্গে ডিজিটাল সাক্ষরতাকেও গুরুত্ব দিতে হবে।

আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫’ উপলক্ষে আলোচনা ও উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা প্রদান এবং তারুণ্যের উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাজকে নতুনভাবে সাজানো হয়েছে। একজন শিশু প্রাথমিক বিদ্যালয় শেষে যেন মাতৃভাষায় সাবলীলভাবে পড়তে, বুঝতে ও সহজভাবে লিখতে পারে এবং প্রাথমিক গাণিতিক নিয়ম আয়ত্ত করতে পারে এটিই এখন প্রধান লক্ষ্য। তিনি বলেন, ‘ফাউন্ডেশনাল লার্নিং ছাড়া সমগ্র শিক্ষা ব্যর্থ হয়ে যায়।’

তিনি উল্লেখ করেন, ভর্তি হার বেড়েছে, ঝরে পড়ার হারও কম নয়। দারিদ্র্যকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এজন্য উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড (বিএনএফ) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে ‘স্কিল ফর প্রজেক্ট’ কর্মসূচির মাধ্যমে ঝরে পড়া শিশুদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে যুক্ত করার ক্ষেত্রে ইতিবাচক ফল মিলেছে।

তিনি বলেন, উচ্চশিক্ষিতদের মধ্যেও দক্ষতার ঘাটতি রয়েছে। এসএসসি ও এইচএসসি পর্যায়ের চাকরির জন্য অনেক গ্র্যাজুয়েট এবং মাস্টার্স ডিগ্রিধারী আবেদন করছেন। এতে বোঝা যায়, শিক্ষা এখনো শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

প্রযুক্তি ও কর্মভিত্তিক শিক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘জাতির অগ্রগতির জন্য কর্মমুখী শিক্ষা এবং প্রযুক্তি ভিত্তিক শিক্ষা অপরিহার্য।’ প্রফুল্লচন্দ্র রায়ের উদাহরণ টেনে তিনি বলেন, ‘শুধু শিক্ষা নয়, শিল্প ও ব্যবসায় যুক্ত হওয়ার মধ্য দিয়েই জাতির উন্নতি সম্ভব।’

তিনি আরও বলেন, মানসিকতার পরিবর্তন না হলে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়তেই থাকবে।

শিক্ষায় মৌলিক পরিবর্তন আনার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী।

অনুষ্ঠানে ব্যক্তি এবং প্রতিষ্ঠান এই দুই ক্যাটাগরিতে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা ২০২৫ প্রদান করা হয়েছে। ব্যক্তি ক্যাটাগরিতে যশোর জেলার মনিরামপুর উপজেলার প্রদীপ বিশ্বাস এ সম্মাননা পেয়েছেন। আর প্রতিষ্ঠান ক্যাটাগরিতে উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা পেয়েছে আন্ডারপ্রিভিলেজড চিলড্রেন’স এডুকেশনাল প্রোগ্রামস ( ইউসেফ) বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৪১   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
ফরিদপুরের ভাঙ্গায় ৪৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
বিচার যখন আইনি মারপ্যাঁচে বন্দি, মাদক নির্মূলে বাধা কোথায়?
আল কোরআন ও আল হাদিস
আলোকিত লালমনিরহাট গড়তে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দিলেন ত্রাণমন্ত্রী
শিক্ষকরাই গড়বেন আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই এগিয়ে নিতে হবে : মির্জা ফখরুল
ন্যায়হীন সমাজে স্থায়ী শান্তি বা উন্নয়ন সম্ভব নয় : মইনুদ্দিন আহমাদ
কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার নিরলসভাবে কাজ করছে : সমাজকল্যাণ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ