দেশ ও গণতন্ত্রের স্বার্থে ঐক্য ভাঙা যাবে না : দুদু

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশ ও গণতন্ত্রের স্বার্থে ঐক্য ভাঙা যাবে না : দুদু
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫



দেশ ও গণতন্ত্রের স্বার্থে ঐক্য ভাঙা যাবে না : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপিসহ যারা নির্বাচনে অংশ নেবে, তাদের সতর্ক ও সজাগ থাকতে হবে। ঐক্য ভাঙা যাবে না।

আজ (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড এবং প্রশাসনে ঘাপটিমারা আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারের দাবি’তে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে দুদু বলেন, একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে। গণহত্যাকারীরা পালিয়ে গেছে। ব্যাংক, বীমা, বাংলাদেশের যা কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠান ছিল, সেগুলোকে ধ্বংস করে চূড়ান্তভাবে লুটপাট করে নিয়ে গেছে। এর মানে তারা আমাদের পঙ্গু করার চেষ্টা করেছে, বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে। তারা একেবারে চলে গেছে, এটি যদি আমরা সত্যি ধরে নিই, তাহলে সেটাও ভুল হবে।

তিনি বলেন, নির্বাচনের দাবি তো এ দেশের মানুষই করে, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের মতো বিভিন্ন পেশার মানুষ তাদের অধিকার চাই এবং ভোট দিতে চায়। বিএনপি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান গত ষোল বছর ধরে মানুষের সঙ্গে থেকে রাস্তায় আন্দোলন করেছেন। আমাদের নেত্রীকে মিথ্যা মামলায় ১০ বছর সাজা দেওয়া হয়েছিল। তিনি দীর্ঘদিন আটকাবস্থায় ছিলেন এবং পর্যাপ্ত চিকিৎসা সেবা সরবরাহ করা হয়নি; আল্লাহ তাকে রক্ষা করেছেন। আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে কেবল মামলা করা হয়নি—বিচারের নামে তাকে যাবজ্জীবন শাস্তির মতো আচরণ করা হয়েছে। অনেকেই বিশ্বাস করে না যে তিনি দেশে ফিরলে নিরাপদ থাকবেন; তাই তিনি সময় নিচ্ছেন এবং দলও প্রস্তুতি নিচ্ছে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আগামী দিন যদি আমরা প্রস্তুত না থাকি, আমাদের বিপদ আসতে পারে। আমাদের দেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। এমন একটি দলকে আগামী দিনে ক্ষমতায় আনতে হবে যারা পরীক্ষিত এবং মানুষের কথায় বিশ্বাস করে; যারা কথা দিলে তা রক্ষা করে। আমার মনে হয় সেই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যার মার্কা ধানের শীষ এবং নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। এই কথাটি আমাদের মনে থাকতে হবে এবং আগামী দিনে শপথবদ্ধ হতে হবে যে ফ্যাসিস্টরা—যারা হত্যাকারী ও গণহত্যাকারী—তারা যেন কখনো ফেরত আসতে না পারে; সেটাই আমাদের লক্ষ্য হবে। আমি মনে করি, এ ছাড়া কোনো পথ নেই।

সবাইকে আহ্বান জানিয়ে তিনি বলেন, চলুন আমরা সুশৃঙ্খল, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হই। যারা আগের তিনটি নির্বাচনে অংশ নিয়ে লুটপাট করেছে বা অন্যায় করেছে, এসব লোক যেন প্রশাসনে আর স্থান না পায়। সরকার ইতোমধ্যে বলেছে অতীতে যারা এই আচরণ করেছে, তারা ভবিষ্যতে থাকবে না।

আয়োজক সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে নাগরিক সমাবেশে উপস্থিত ছিলেন পিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, শাহা নেচারুল হক, কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহা আব্দুল্লাহ আল বাকি, পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুর রাজি, কৃষক দল নেতা শফিকুল ইসলাম সবুজ, রমিজ উদ্দিন রুমি, রবিউল ইসলাম তালুকদার রবি, আমির হোসেন দানেজ, মো. মুসা ফরাজী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:১৫:৪৯   ১৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
নন্দীপাড়ায় জিরানী খাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক
নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, গ্রেপ্তার ৫
পিবিআইয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রশিক্ষণ শুরু
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল
সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভাবে জ্বালানি আসছে : জ্বালানি মন্ত্রী
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, দল-মত নির্বিশেষে পদক্ষেপ নেওয়া হচ্ছে
কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা
২০ লাখ টাকা আত্মসাৎ, নারী গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ