বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা

প্রথম পাতা » গোপালগঞ্জ » টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬



টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চেকপোস্ট বসিয়ে শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী।

গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮টা থেকে ২টা পর্যন্ত উপজেলার সদরের গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে ঢাকা-পিরোজপুর মহাসড়কে গাড়ি থামিয়ে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

তল্লাশিকালে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হেলমেট না থাকায় পাঁচটি মামলায় তিন হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

অভিযানকালে যানবাহনের বৈধ কাগজপত্র ও নিরাপত্তা সরঞ্জাম যাচাই করা হয়।
এ ছাড়া বিভিন্ন যানবাহনের যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় টুঙ্গিপাড়া সেনাবাহিনী ক্যাম্পের সদস্যবৃন্দসহ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন ও অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এসআই আকরাম হোসেন সাংবাদিকদের বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার জনবহুল, গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে চেকপোস্ট বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে নিয়মিত তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে মহাসড়কে বাস, ট্রাক, সিএনজি, মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়েছে।
পাশাপাশি চালকদের হেলমেট ব্যবহারসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার ব্যাপারে সচেতন করা হচ্ছে।

এ ছাড়া কাগজপত্র না থাকায় পাঁচটি মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে যৌথবাহিনীর নিয়মিত তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:৩৭   ১১৫ বার পঠিত