সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬

প্রকাশ পেল মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রকাশ পেল মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’
সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬



প্রকাশ পেল মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’

নেপালের মুস্তাং জেলার অন্তর্গত জমসমে শুটিংকৃত মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’ মুক্তি পেয়েছে। সংগীতশিল্পী কোনাল ও নিলয়ের গাওয়া এ গানের মিউজিক ভিডিওতে মডেল ও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ আহমেদ রেহান।

শনিবার (৩১ জানুয়ারি) গাংচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি। নতুন গান প্রশংসা কুড়াচ্ছে সংগীতপ্রেমী দর্শকের।

‘ও জান’র শুটিং হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত এক স্বপ্নের শহর জমসম। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এ জমসম বহুদিন ধরেই বলিউড নির্মাতাদের প্রিয় শুটিং লোকেশন।

নতুন প্রকাশিত গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। যৌথভাবে সুর করেছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকন। সংগীতায়োজন করেছেন আভ্রাল সাহির। নির্মাণে আবারও রয়েছেন তানিম রহমান অংশু।

গানটিকে ‘পিউর রোমান্টিক’ বলেই উল্লেখ করেছেন গানচিল মিউজিকের কর্ণধার ও গীতিকার আসিফ ইকবাল। তার ভাষ্য,

‘ও জান’-এ থাকছে জেনজি সময়ের এক নিটল প্রেমের গল্প। যেখানে কথা, সুর, কণ্ঠ আর দৃশ্যায়নের প্রতিটি স্তরে থাকছে নতুন সংযোজন।

প্রসঙ্গত, নতুন বছরকে ‘ও জান’ দিয়ে বরণ করে নেয়ার পরিকল্পনা থাকলেও সার্বিক পরিস্থিতির কারণে তা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। তাই বছরের প্রথম মাসের শেষ দিন ৩১ জানুয়ারিতে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় প্রত্যাশিত এ মিউজিক্যাল ফিল্ম।

বাংলাদেশ সময়: ১৪:১৫:৩১   ১২ বার পঠিত