রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

ওসাসুনার কাছে হেরে শীর্ষস্থান হারানোর ঝুঁকিতে রিয়াল

প্রথম পাতা » খেলাধুলা » ওসাসুনার কাছে হেরে শীর্ষস্থান হারানোর ঝুঁকিতে রিয়াল
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬



ওসাসুনার কাছে হেরে শীর্ষস্থান হারানোর ঝুঁকিতে রিয়াল

জিরোনার বিপক্ষে বার্সেলোনা হেরে যাওয়ায় লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান সুসংহত করার সুবর্ণ সুযোগ এসেছিল রিয়াল মাদ্রিদের সামনে। কিন্তু ওসাসুনার মাঠে বল পায়ে দাপট দেখালেও ম্যাচ হেরে গেছে রিয়াল। শাবি আলনসোর বিদায়ের পর লস ব্লাঙ্কোদের কোচের দায়িত্ব নেয়ার পর লা লিগায় প্রথম হারের মুখ দেখলেন আলভারো আরবেলোয়া। এই হারে শীর্ষস্থান হারানোর ঝুঁকিতে পড়ে গেছে রিয়াল।

শনিবার (২১ ফেব্রুয়ারি) এস্তাদিও এল সদর স্টেডিয়ামে ওসাসুনার বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে আন্তে বুদিমিরের পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ভিনিসিউস জুনিয়রের গোলে সমতায় ফেরে সফরকারীরা। কিন্তু ৯০ মিনিটে ওসাসুনার পক্ষে জয়সূচক গোলটি করেন রাউল গার্সিয়া।

এই হারে লিগে রিয়ালের টানা আট ম্যাচ জয়ের ধারায় ছেদ পড়ল। এই হারের পর ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা মাত্র ২ পয়েন্টে পিছিয়ে। আজ (২২ ফেব্রুয়ারি) রাতে লেভান্তেকে হারাতে পারলেই শীর্ষে উঠে যাবে বার্সা।

২৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে উঠে গেছে ওসাসুনা।

ওসাসুনার মাঠে এদিন বলের দখলে একচ্ছত্র আধিপত্য ছিল রিয়ালের। ৮১ শতাংশ বল পজেশন নিয়ে ১৪টি শট নেয় সফরকারীরা, যার মধ্যে ৫টি লক্ষ্যে ছিল। ওসাসুনাও ১৪টি শট নিয়ে ৪টি শট লক্ষ্যে রাখে।

তবে বলের দখলে আধিপত্য দেখালেও ওসাসুনার লো ব্লক ডিফেন্স ভাঙতে বেগ পেতে হয়েছে সফরকারীদের। ১৭ মিনিটে প্রথম সুযোগ পায় রিয়াল। বক্সের বাইরে থেকে ভিনিসিউসের নিচু শটটি দারুণভাবে ঠেকান হেরেরা। জবাবে বুদিমির দূরপাল্লার শট সামান্য বাইরে মারেন।

২৪ মিনিটে স্বাগতিকরা গোল পাওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। রুবেন গার্সিয়ার ক্রস কারেরাসের গায়ে লেগে দিক পরিবর্তন করলে গোললাইন থেকে অসাধারণ সেভ করেন কোর্তোয়া। আধাঘণ্টার মাথায় বুদিমিরের হেড পোস্টে লেগে ফিরে আসে। এক মিনিট পরই পাল্টা আক্রমণে দুই দফা সুযোগ পায় রিয়াল—প্রথমে এমবাপ্পের শট হেরেরা ঠেকান, এরপর কারভাহালের পাস থেকে আলাবার শট ক্যাটেনার গায়ে লেগে পোস্ট ছুঁয়ে বেরিয়ে যায়।

তবে ৩৮ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় ওসাসুনা। রেফারি আলেহান্দ্রো কিন্তেরো প্রথমে সিমুলেশনের জন্য বুদিমিরকে হলুদ কার্ড দেখালেও ভিএআর কর্মকর্তা ফিগুয়েরোয়া ভাসকেজের হস্তক্ষেপে কোর্তোয়ার বিপক্ষে পেনাল্টি দেন। যোগ করা সময়ে চুয়ামেনির ভলি অল্পের জন্য বাঁচান প্রতিপক্ষ গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে আর্দা গুলের বক্সের বাইরে থেকে নেওয়া ডান পায়ের শট সামান্য বাইরে যায়। মাদ্রিদিস্তারা চাপ অব্যাহত রাখে এবং ৭৩ মিনিটে ফল পায়। ভালভার্দের দারুণ একক নৈপুণ্যে করা ক্রস ভিনি জুনিয়র ডান পায়ে জালে জড়ান। স্কোরে সমতা আসে। ৮০ মিনিটে এমবাপ্পে জয়সূচক গোলের খুব কাছে গিয়েছিলেন, কিন্তু জাভি গালান গোললাইন থেকে বল সরিয়ে দেন। শেষ পর্যন্ত ৯০ মিনিটে রাউল গার্সিয়ার গোলে জয় নিশ্চিত করে ওসাসুনা।

বাংলাদেশ সময়: ১১:৩৭:০৯   ৪ বার পঠিত