
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘আমি বড় একটি চ্যালেঞ্জের দায়িত্ব নিয়েছি। ইনশাল্লাহ সবাই সহযোগিতা করলে আমি এই চ্যালেঞ্জ মোকাবেলা করে সফল হবো। যে কোনো মূল্যে আমাকে সফল হতে হবে। কারণ আমার সফলতা মানে সবার সফলতা। আর আমার ব্যর্থতা মানে সবার ব্যর্থতা।’
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে নগর ভবনে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্ম দিবসে নিজ কার্যালয়ে বসে এসব কথা বলেন সাখাওয়াত হোসেন খান। এ সময় তিনি আগামী ৬০ দিনের মধ্যে মশা নিধন, রাস্তা মেরামত, যানজট নিরসন ও ধুলোবালিমুক্ত পরিচ্ছন্ন নগর গড়ার ঘোষণা দিয়েছেন।
এ সময় তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের নাগরিক সেবা নিশ্চিত করতে প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য, দলীয় ও বিরোধী দলীয় নেতৃবৃন্দ এবং সব ওয়ার্ডের সাবেক কাউন্সিলরদের সঙ্গে নিয়ে আমি নারায়ণগঞ্জকে নতুনভাবে গড়তে চাই। আমি প্রথমেই প্রধান নাগরিক সমস্যাগুলো সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করব।’
সাখাওয়াত হোসেন খান বলেন, ‘নগরীর যানজট নিরসন রাস্তা মেরামত ও ধুলোবালিমুক্ত পরিচ্ছন্ন নগর গড়ার লক্ষ্যে নতুন পরিকল্পনা গ্রহণ করে দুই মাসের (৬০ দিনের) কর্মসূচি হাতে নিয়ে কাজ শুরু করব। এজন্য আমি আমার দলের নেতাকর্মী, বিরোধী দলের নেতাকর্মী ও নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।’
পাশাপাশি নতুন নীতিমালা করে নগরীর ফুটপাতের হকার সমস্যা ও ব্যাটারিচালিত অবৈধ যানবাহনগুলোকে নিয়মের আওতায় আনার ব্যাপারেও যথাযথ পদক্ষেপ গ্রহণের কথা জানান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
এর আগে সকাল ৯টা ৫ মিনিটে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে বেশ উৎফুল্লভাবে নগর ভবনে এসে উপস্থিত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় দলীয় নেতাকর্মীরাসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেন। জবাবে হাসি মুখে সবার সঙ্গে কুশল বিনিময় করেন নতুন প্রশাসক সাখাওয়াত হোসেন খান।
পরে আনুষ্ঠানিকভাবে নিজ কার্যালয়ে গিয়ে বসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নতুন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ুন কবীরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সবাইকে নিয়ে নিজেই শোকরানা দোয়া করেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে নিয়োগ দেয়া নতুন প্রশাসকদের নাম প্রকাশ করে স্থানীয় সরকার বিভাগ। যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ আদেশ জারি করা হয়।
উল্লেখ্য, ২০১১ সালের ৫ মে নারায়ণগঞ্জ পৌরসভা, সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও কদমরসূল পৌরসভাকে বিলুপ্ত করে ২৭টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। ৭১.৪৩ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অধিবাসী ২০ লাখেরও বেশি। মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে ৫ লাখ।
বাংলাদেশ সময়: ১৩:২০:২৭ ৫ বার পঠিত