শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

সরকার ভুল করলে ধরিয়ে দিবেন, সাংবাদিকদের তথ্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকার ভুল করলে ধরিয়ে দিবেন, সাংবাদিকদের তথ্য প্রতিমন্ত্রী
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬



সরকার ভুল করলে ধরিয়ে দিবেন, সাংবাদিকদের তথ্য প্রতিমন্ত্রী

সরকার কোনো ভুল করলে তা ধরিয়ে দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, সরকার কোনো কিছু চাপিয়ে দিতে চায় না। তারেক রহমানের সরকার গণমাধ্যম বন্ধুর সরকার। আমরা জনগণের সরকার, জনগণ ভোট দিয়েছে বলেই আমরা সরকার গঠন করতে পেরেছি। এটাতে আপনাদের যে অবদান তা শ্রদ্ধাভরে স্মরণ করি। আমরা মনে করি আপনারা যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গেছেন গণতন্ত্র টিকিয়ে রাখতে তা অব্যাহত রাখবেন। সরকার যদি ভুল করে আপনারা ভুল ধরিয়ে দিবেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ আয়োজিত সাংবাদিকদের মেধাবী শিক্ষার্থী সন্তানদের মাঝে বৃত্তির চেক হস্তান্তর, ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তবে কেউ যেনো মিথ্যা অপপ্রচার না করে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সত্যকে সত্য বলবেন, সাদাকে সাদা, কালোকে কালো আমরা সেটাই দেখতে চাই, জনগণ সেটা দেখতে চাই। আমরা আজকে সরকারে আছি ভবিষ্যতে যদি সরকারে নাও থাকি তবুও সাদাকে সাদা, কালোকে কালো এই ধারা যেন অব্যাহত থাকে সেদিকে আমাদেরকে নজর দিতে হবে।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা গণমাধ্যম যেন অবাধে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বিঘ্নে কোনো বাধা ছাড়াই পূর্ণ স্বাধীনতার মাধ্যমে কাজ করতে পারে, আমরাও সেটা চাই। আপনারা যদি স্বাধীনভাবে কাজ করতে পারেন শুধু গণমাধ্যম নয় বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে। আমরা একটি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি। এখানে গণমাধ্যম যেভাবে আমাদের সহযোগিতা করেছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবং গণমাধ্যমের যে অবদান তা ভুলার নয়। আপনাদের পরিশ্রম ও সঠিক তথ্য ও খবর জনগণের মধ্যে ‍তুলে না ধরতেন তাহলে আমরা এই গণতন্ত্র ফিরে নাও পেতে পারতাম।

ময়মনসিংহের জেলা প্রশাসক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জেলা সভাপতি মো. সাইফুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী প্রমুখ।

এর আগে, ময়মনসিংহের সার্কিট হাউজ সম্মেলন কক্ষে পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় ময়মনসিংহকে মাদক ও চাঁদাবাজিমুক্ত করে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, মাদক ও চাঁদাবাজির বিষয়ে সরকার জিরো টলারেন্স। দলের নাম ভাঙিয়ে অনৈতিক কিছু করতে আসলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আমরা রাজনীতি করি, জনগণের ভোটে আমরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছি। আমাদের কাছে সাধারণ জনগণ থেকে শুরু করে সব ধরনের লোক প্রয়োজনে আসবে। অপরপক্ষে, অসাধুরা কাছের লোক হিসেবে পরিচয় দিয়ে অন্যায় তদবির করতে চাইবে। কে আলেম, কে জালেম, সেটা নির্ধারণ করা আমার পক্ষে অনেক সময় সম্ভব হয়ে উঠে না। তাই আপনাদের সর্বোচ্চ সচেতন থাকতে হবে, কেউ যেন ধোকা দিতে না পারে।

কর্মকর্তাদের সক্ষমতা ও দক্ষতার প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, যারা একান্তই প্রাপ্য, তারা যেন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পায়। নগরীর যানজট নিরসনে রাস্তাঘাটের অবৈধ স্থাপনা অপসারণ-সহ কার্যকরী পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণের কথা উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩:১২:৪৮   ৭ বার পঠিত