![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার ডাকপাড়া এলাকায় ‘আদর্শ কল্যাণ সংস্থা’র ব্যানারে অবৈধভাবে গড়ে ওঠা একটি গরুর হাটে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে হাটটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে প্রশাসনের অনুমতি ছাড়াই ডাকপাড়া এলাকায় এই গরুর হাটটি পরিচালিত হয়ে আসছিল। খবর পেয়ে আজ জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তানভীর হায়দার-এর নেতৃত্বে সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানে হাটের জন্য নির্মিত সব অস্থায়ী ঘর ও বাঁশের কাঠামো ভেঙে দেওয়া হয়। অবৈধভাবে টাঙানো সাইনবোর্ড ও ব্যানার অপসারণ করা হয় এবং ভবিষ্যতে পুনরায় হাট না বসানোর ব্যাপারে কড়া নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থে পরিচালিত এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতার জন্য মাঠে উপস্থিত ছিলেন, জামালপুর পৌরসভার প্রতিনিধি দল।
বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ ও আনসার বাহিনীর একটি চৌকস দল।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তানভীর হায়দার জানান, নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা এমন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এই অবস্থান অব্যাহত থাকবে। স্থানীয় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না।
বাংলাদেশ সময়: ২৩:২৩:২৪ ৬২ বার পঠিত