​সরিষাবাড়ীতে অনিয়মের অভিযোগ, শিশুদের টিপসইয়ে ভিজিএফের চাল উত্তোলন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ​সরিষাবাড়ীতে অনিয়মের অভিযোগ, শিশুদের টিপসইয়ে ভিজিএফের চাল উত্তোলন
রবিবার, ১৫ মার্চ ২০২৬



​সরিষাবাড়ীতে অনিয়মের অভিযোগ, শিশুদের টিপসইয়ে ভিজিএফের চাল উত্তোলন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ৫ হাজার ৬৩৪টি কার্ডের মধ্যে ৮৩৪টি ছাড়া বাকীগুলো স্থানীয় বিভিন্ন চাল ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা কার্ডপ্রতি ২০ টাকা মজুরিতে শিশু-কিশোরদের দিয়ে এই চাল উত্তোলন করে নিয়ে যাচ্ছে।

গতকাল রোববার(১৫ মার্চ) দুপুরে ডোয়াইল ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা গেছে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিশুরা মাস্টার রোলে টিপসই দিচ্ছে এবং চাল সংগ্রহ করছে। অথচ সরকারি নিয়ম অনুযায়ী, কার্ডধারী ব্যক্তি বা তার পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্য ছাড়া অন্য কারো চাল নেওয়ার কোনো সুযোগ নেই।

চাল বিতরণের সময় উপস্থিত সচিব আব্দুল লতিফ এবং ট্যাগ অফিসার মেহেদী হাসানের সামনেই এনআইডি যাচাই না করে দায়সারাভাবে চাল দেওয়া হচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ইউপি সদস্য আজাহার আলী জানান, এবার ইউপি সদস্যরা কোন কার্ড পাইনি। যার জন্য আমাদের মধ্যে অনেকেই মন খারাপ করে পরিষদেই যায়নি। শুনেছি নেতাকর্মীরা ভাগাভাগি করে নিয়েছে।

প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন কার্ড নেতাকর্মীদের হাতে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, “নেতাকর্মীরা সব কার্ড নিয়ে গেছে, পরিষদের জন্য রেখেছে মাত্র ৮৩৪টি। শিশুরা চাল নিতে পারবে কি না তা আমার জানা নেই। অভিভাবকরা না আসতে পারায় হয়তো শিশুদের পাঠিয়েছে, এটা দোষের কিছু না।”

​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শওকত জামিল জানান, নিয়ম বহির্ভূতভাবে শিশুর টিপসইয়ে চাল উত্তোলন হয়ে থাকলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিজা রিছিল বলেন, “শিশুদের তো এনআইডি কার্ড নেই, তারা কীভাবে টিপসই দিয়ে চাল পায়? বিষয়টি তদন্ত করে অতি দ্রুত দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

​স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি এই মানবিক সহায়তার চাল যেন প্রকৃত গরিব ও দুস্থদের হাতে পৌঁছায়, সেজন্য স্বচ্ছ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ২৩:২৮:৪৬   ২৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার
বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
জামালপুরে মাদক ও অপরাধবিরোধী সামাজিক অভিযান, ৪ জন আটক, পুলিশে সোপর্দ
বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি : বিমানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবসে লালমনিরহাটে আলোচনা সভা ও র‌্যালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ